তিন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ার নিয়ে কারসাজির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও পিএফআই সিকিউরিটিজ।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গতকাল মঙ্গলবার এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদপত্রে পাঠানো সংস্থার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের ধারাবাহিক লেনদেনের (সিরিজ ট্রানজ্যাকশন) মাধ্যমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটানোর দায়ে বিডিবিএলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ধারাবাহিক লেনদেনের মাধ্যমে মূল্য বৃদ্ধিতে কারসাজি ঘটিয়ে বিডিবিএল সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।

এ ছাড়া একই কোম্পানির শেয়ার নিজেদের মধ্যে লেনদেন করে দামকে প্রভাবিত করার ঘটনা ঘটিয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও পিএফআই সিকিউরিটিজ। এ ক্ষেত্রে শেয়ার কেনাবেচার ঘটনা ঘটালেও সুবিধাভোগী ব্যক্তির কোনো পরিবর্তন হয়নি। এ ধরনের ঘটনা সিকিউরিটিজ আইনের সরাসরি লঙ্ঘন। এ কারণে বিএসইসি প্রাইম ফিন্যান্স ক্যাপিটালকে সাত লাখ টাকা এবং পিএফআই সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে।
প্রতিষ্ঠান তিনটিকে জরিমানার পাশাপাশি সিভিও পেট্রোকেমিক্যালসের সার্বিক বিষয়ে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে এই নিরীক্ষা করানো হবে।
এদিকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে কোম্পানির শেয়ার লেনদেন বর্তমানে স্থগিত রয়েছে। বিএসইসির পরামর্শক্রমে গত ২৪ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন স্থগিতের দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৭৬ টাকা ৬০ পয়সা। ২০১৩ সালের এপ্রিল থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত (লেনদেন স্থগিতের দিন) সময়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭৮৭ টাকা। এপ্রিল মাসেও প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ৯০ টাকা। মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মাধ্যমে এটির দাম বেড়ে প্রায় পৌনে ৯০০ টাকা হয়।
এই অবস্থায় বিএসইসি তদন্তের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর শুনানি শেষে জরিমানার সিদ্ধান্ত হয়।