
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রায় আট হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। আলোচ্য সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর মিলিয়ে মোট ৭৯ হাজার ২৫১ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের তিন প্রান্তিকে এসব খাত থেকে মোট ৮৭ হাজার ৩০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল।
চলতি অর্থবছরের রাজনৈতিক অস্থিরতায় অর্থবছরের প্রথম থেকেই রাজস্ব আদায়ে ঘাটতিতে পড়ে এনবিআর। যতই সময় গেছে, এই ঘাটতি শুধুই বেড়েছে।
শেষ পর্যন্ত এনবিআরের বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ৩৬ হাজার কোটি টাকা থেকে নামিয়ে এক লাখ ২৫ হাজার কোটি টাকা করা হয়। তবে সেই লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা রয়েছে।
আলোচ্য নয় মাসে সামগ্রিকভাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ৭৩ হাজার ৭৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এমন অবস্থায় আগামী অর্থবছরে এক লাখ ৪৯ হাজার কোটি টাকার বিশাল রাজস্ব লক্ষ্য চাপছে এনবিআরের ওপর৷
আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও রপ্তানি শুল্ক আদায়ে এ বছর নয় মাসে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩৮ শতাংশ।
তবে আশঙ্কার কথা হলো, আমদানি পর্যায়ে গত অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় এই অর্থবছরে একই সময়ে িনট আমদানি শুল্ক আদায় কমেছে প্রায় ৬০ কোটি টাকা। প্রকৃত আদায় হয়েছে নয় হাজার ৫৬৬ কোটি টাকার আমদানি শুল্ক। আর একই সময়ে সম্পূরক শুল্ক কমেছে পৌনে ২০০ কোটি টাকা। আলোচ্য সময়ে তিন হাজার ৬৫ কোটি টাকার সম্পূরক শুল্ক আদায় হয়েছে। আর রপ্তানি শুল্ক পাঁচ কোটি টাকা কমে আদায় হয়েছে ২২ কোটি টাকা।
স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগাির শুল্ক, সম্পূরক শুল্ক ও লেনদেন কর আদায় করা হয়। জুলাই-মার্চ সময়ে এই খাতে রাজস্ব আদায় হয়েছে গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে তিন হাজার কোটি টাকা বেশি৷ প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮০ শতাংশ।
তবে আয়কর খাতে অন্য বছরের ধারাবাহিকতায় প্রবৃদ্ধি অর্জিত হয়নি। অন্য বছরে আয়কর খাতে ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি থাকত। এবার তা কমে সাড়ে ১১ শতাংশে নেমে এসেছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আয়কর আদায় হয়েছে ২৫ হাজার ৫১ কোটি টাকা। গত বছর একই সময়ে ২২ হাজার ৪৫৬ কোটি টাকার আয়কর আদায় হয়েছিল।
এনবিআরের কর্মকর্তারা জানান, আয়কর বা প্রত্যক্ষ করেই এনবিআরের এখন বেশি ভরসা। কিন্তু চলতি অর্থবছরে প্রত্যক্ষ করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হচ্ছে না।