তিন বছর পর চালু হচ্ছে খুলনা হার্ডবোর্ড মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে তিন বছর বন্ধ থাকার পর খুলনা হার্ডবোর্ড মিল চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে আবার উৎপাদনে যাচ্ছে।মিল কর্তৃপক্ষ জানিয়েছে, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজ তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হলে চতুর্থ সপ্তাহে উৎপাদন শুরু হবে দেশের ঐতিহ্যবাহী এই মিলে। খবর বাসসের।এ লক্ষ্যে উৎপাদন বিভাগের বিভিন্ন যন্ত্রের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। কারখানা চালুর জন্য রক্ষণাবেক্ষণ ও চলতি মূলধন হিসেবে অর্থ মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে ১০ কোটি টাকা ছাড় দিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি)।গত দুই বছর মিলটি বন্ধ থাকায় প্রায় ৪০ কোটি টাকার হার্ডবোর্ড উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে বিসিআইসি।সুন্দরবনের আগামরা সুন্দরী কাঠের ওপর নির্ভর করে নগরের খালিশপুরে ভৈরব নদের তীরে ৯ দশমিক ৯৬ একর জমির ওপর কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ১৯৬৫ সালে হার্ডবোর্ড মিল স্থাপন করে। ১৯৬৬ সালে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। শুরুতেই বছরে ২১৫ লাখ বর্গফুট হার্ডবোর্ড উৎপাদন করতে থাকে মিলটি। উৎপাদন খরচের চেয়ে বেশি লাভ করায় স্বর্ণপদক পায় খুলনা হার্ডবোর্ড মিল।১৯৯১ সালে সরকারের নির্দেশে বন বিভাগ কর্তৃপক্ষ সুন্দরবনের আগামরা সুন্দরী কাঠ হার্ডবোর্ড মিলকে দেওয়া বন্ধ করে। এর পর থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ বেশি দামে ক্রয় করে মিলটির উৎপাদন চালু রাখে বিসিআইসি।সরকার ভর্তুকি না দেওয়ায় ও চড়া দামে দেশীয় জ্বালানি কাঠ ক্রয়সহ দফায় দফায় ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে মিলটি।আর্থিক সংকটের কারণ দেখিয়ে ২০০২ সালের ১৫ ডিসেম্বর আবারও মিলটি বন্ধ করে দেয় বিসিআইসি। এতে বেকার হয়ে পড়েন প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক। তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন।খুলনাবাসীর আন্দোলনের মুখে অবশেষে ২০০৫ সালের ১৪ আগস্ট মিলটি পুনরায় চালু করা হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও মূলধনের অভাবে দফায় দফায় বন্ধ হতে থাকে পুরোনো যন্ত্রপাতি দিয়ে উৎপাদনে যাওয়া এই মিল। সর্বশেষ ২০১০ সালের ১৬ জুলাই অর্থনৈতিক সংকটের কারণে আবারও মিলটি বন্ধ হয়ে যায়।মিলের বাণিজ্যিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম গতকাল বাসসকে জানান, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য পাঁচ কোটি ও চলতি মূলধন হিসেবে পাঁচ কোটিসহ মোট ১০ কোটি টাকা চেয়ে বিসিআইসি ২০১০ সালের অক্টোবরে একটি প্রস্তাবনাপত্র অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।পরে খুলনা হার্ডবোর্ড মিল ব্রেক ইভেনে (না লাভ না লোকসান) যাওয়ার শর্তে ১০ কোটি টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। পরে তিন কিস্তিতে ১০ কোটি টাকা হাতে পায় বিসিআইসি। ২০১২ সালের নভেম্বরে বিসিআইসি হার্ডবোর্ড মিল কর্তৃপক্ষের কাছে এ টাকা হস্তান্তর করে।এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী রুহুল আমিন বলেন, বিসিআইসি থেকে তিন কিস্তিতে যে পরিমাণ অর্থ হাতে পাওয়া গেছে, তা দিয়ে কাজ প্রায় শেষ করার পথে। তিনি বলেন, মিলের উৎপাদন বন্ধের আগে প্রতি পিস হার্ডবোর্ড তৈরি করতে খরচ হতো ৩৮০ টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন প্রতি পিস হার্ডবোর্ডের মূল্য নির্ধারণ করে দেওয়ায় এ হার্ডবোর্ড বাজারে বিক্রি করা হতো ২৬২ টাকায়।