তিন বছর পর বাজেট ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা!

আর তিন বছর পরই (২০১৮-১৯ অর্থবছরে) ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী মনে করেন, এটা খুব উচ্চাভিলাষী নয়। এ জন্য বরং রাজস্ব আদায় ও বৈদেশিক সহায়তার হার বৃদ্ধি করতে হবে এবং স্বশাসিত সংস্থাগুলো থেকে অতিরিক্ত উদ্বৃত্ত আদায় করতে হবে।
নিজ নিজ জায়গা থেকে এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য ২ সেপ্টেম্বর দেশের সব মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও অতিরিক্ত সচিবদের চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী। আগামী ২০ অক্টোবরের মধ্যেই অর্থমন্ত্রী তাঁদের মন্তব্য ও মতামত চান।
চিঠিতে আগামী তিন অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রার তথ্যও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। বছরওয়ারি তাঁর লক্ষ্যমাত্রা হচ্ছে, ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ১৫ হাজার কোটি এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। অর্থাৎ বাজেটের বার্ষিক বৃদ্ধি ২০১৬-১৭ অর্থবছরে হবে ১৫ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ২০ এবং ২০১৮-১৯ অর্থবছরে ১৫ শতাংশ।
আগের কয়েক বছরের বাজেটের আকার হচ্ছে, ২০১১-১২ অর্থবছরে ১ লাখ ৬৩ হাজার ৫৮০ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি, ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি এবং ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
মন্ত্রী, সাংসদ ও সচিবদের ‘প্রিয় সহকর্মী’ সম্বোধন করে অর্থমন্ত্রী চিঠিতে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের একটি বিশ্ব মডেল। এই মডেলের মর্যাদা রক্ষার জন্য আমাদের এই অগ্রিম প্রক্ষেপণ অতি প্রয়োজনীয়। একই সঙ্গে একটু ভাবুন যে এমন একটি উন্নয়ন উদ্যোগে আপনি মূল্যবান ভূমিকা পালন করছেন।’
চিঠিতে স্বশাসিত সংস্থাগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তারা তাদের উদ্বৃত্ত অর্থ সব সময় সরকারকে দেয় না। তাদের কাছ থেকে আদায়ের উচ্চ ঊর্ধ্বগতি নিশ্চিত করতে হবে এবং তাদের উদ্বৃত্ত সরকারি হিসাবে নিয়ে আসা বাধ্যতামূলক করতে হবে।
স্বশাসিত সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন কমিশন, কর্তৃপক্ষ ও সংস্থা রয়েছে। তারা নিজেদের তহবিলেই অর্থ জমা রাখে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একটি সংস্থার প্রধান নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, অতি প্রয়োজনীয় কাজে টাকা চাইলেও মন্ত্রণালয় তা দিতে চায় না। তাই নিজেদের তহবিলে কিছু টাকা রাখা হয়। বাকি সব টাকা জমাই দেওয়া হয়।
রাজস্ব আদায় ও বৈদেশিক সহায়তার হার বৃদ্ধির উপায় নিয়ে চিঠিতে বিশদ কিছু বলেননি অর্থমন্ত্রী। শুধু বলেছেন, এ দুইয়ের আদায় বাড়াতে হবে।
২০১৪-১৫ অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার ২৬৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। যদিও এ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। বছর শেষে জানা যাবে এ থেকে কত অর্থ আদায় হবে। তবে গত ছয় বছরে সরকার দুই দফায় রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।
এদিকে, বৈদেশিক সহায়তা নিয়ে অর্থমন্ত্রী তেমন কিছু না বললেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এর অবদান কমে গেছে উল্লেখ করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডি সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিতব্য এই প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ উন্নত দেশই সহায়তা প্রতিশ্রুতি রক্ষা করে না।
উন্নত দেশগুলোর জোট অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওই সিডি) ৩৪ সদস্য দেশের মধ্যে মাত্র নয়টি দেশ ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশকে ৭৪ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার দিয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।
আর এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে উন্নত দেশগুলোর সহায়তা প্রতিশ্রুতির অর্ধেকই (২২০ কোটি ২০ লাখ ২০ হাজার ডলার) বাংলাদেশ পায়নি।
ইআরডির কর্মকর্তারা আবার এ-ও স্বীকার করছেন, বৈদেশিক সহায়তা আনার সক্ষমতারও ঘাটতি রয়েছে বাংলাদেশের।
প্রতিবছর বাজেটের আকার বৃদ্ধি বিবেচনায় নিলে অর্থমন্ত্রী তিন বছর পরের জন্য বাজেটের যে প্রক্ষেপণ করেছেন, তা ঠিকই আছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি এমন আশঙ্কাও করেন যে প্রত্যাশিত বিনিয়োগ না হলে এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকলে অর্থমন্ত্রীর প্রত্যাশিত বাজেট কঠিন হবে।
শুধু টাকার অঙ্ক বাড়িয়ে বাজেট করাকে ‘সনাতনী বাজেট’ আখ্যা দিয়ে সালেহউদ্দিন আহমেদ ভবিষ্যতে পারফরম্যান্সভিত্তিক বাজেট প্রণয়নের পরামর্শ দেন।