আগামী তিন বছরের মধ্যে দেশে বার্ষিক রাজস্ব আয় ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।পাশাপাশি আয়কর দাতার সংখ্যাও ৫০ লাখে উন্নীত করা সম্ভব। কেননা দেশের ১ শতাংশ মানুষকেও এখনো আয়করের আওতায় আনা সম্ভব হয়নি। প্রচলিত আয়কর ও মূসক পরিশোধের পদ্ধতি সহজ করলে এ সংখ্যা অনেক বাড়বে। এভাবে সরকারের রাজস্ব আয়ও বাড়ানো সম্ভব।রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে ‘আয়কর রিটার্ন দাখিল এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ পদ্ধতি’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের আয়কর ও মূসক পরিশোধের পদ্ধতি হাতে-কলমে শেখাতে গতকাল রোববার ঢাকা চেম্বার এ কর্মশালার আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। খবর ইউএনবির।অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশ রাজস্ব আয়ে অনেক পিছিয়ে আছে। প্রায় ১৬ কোটি জনসংখ্যার এই দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা মাত্র ৩৫ লাখ। তবে ২০১১-১২ অর্থবছরে আয়কর বিবরণী দাখিল করেছেন মাত্র ১১ লাখ করদাতা।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এম এ কাদের সরকার বলেন, টিআইএন থাকার পরও যাঁরা কর দিচ্ছেন না, তাঁদের করের আওতায় আনতে নিরীক্ষা আরও জোরদার করা হবে।এনবিআরের আরেক সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, কর নেটওয়ার্ক যত বাড়বে, জনগণের ওপর করের হার তত কমবে। বর্তমানে সাড়ে সাত লাখ মূসক বিবরণীর নিবন্ধন থাকলেও দাখিল করছে মাত্র ৫০ থেকে ৬০ হাজার প্রতিষ্ঠান।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, স্থানীয় পর্যায়ের ঋণপত্রে (এলসি) উৎসে কর সংযোজন করার সিদ্ধান্তে ব্যবসায়ীদের ব্যয় বেড়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মূল্যও বেড়েছে। তিনি এ কর প্রত্যাহারের দাবি জানান।অনুষ্ঠানে ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হায়দার আহমদ খান এবং এনবিআরের সাবেক সদস্য মোহাম্মদ সাহাবউদ্দিন দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।