২০১৮ সালের মধ্যে ১৫ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পাবেন। এ জন্য ৪৪ হাজার কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৬ হাজার ৯১৫ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্প অনুমোদন করেছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে ৮২ শতাংশ এলাকা বিদ্যুতায়নের আওতায় আসবে। বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ২ লাখ ৮৮ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। আর গ্রাহকসংখ্যা ১ কোটি ৩৭ লাখ। দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে হলে ৪ লাখ ৪২ হাজার কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন লাগবে। কিন্তু দ্বীপ, বনভূমি, পাহাড়ি এলাকা, জলাভূমি ও দুর্গম এলাকার কারণে ১২ শতাংশ এলাকায় বিদ্যুতায়ন সম্ভব নয়। তাই প্রয়োজনীয় বিদ্যুৎ সঞ্চালনের লাইনের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৯০ হাজার কিলোমিটার। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে মাত্র ৬ শতাংশ এলাকা বিদ্যুতায়নের বাইরে থাকবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় ১৬ হাজার ৮৮৭ কোটি ৮১ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ২০২১ সালের মধ্যে সবাই বিদ্যুৎ পাবে। বিদ্যুৎ পাওয়া এ দেশের মানুষের সাংবিধানিক অধিকার।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ২ হাজার ২৯ কোটি টাকার ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং; ৭৪৬ কোটি টাকার বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণ ও সুরক্ষা এবং ফিজিবিলিটি স্টাডি; ৬৬৭ কোটি টাকার ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর; ৫১৬ কোটি টাকার কক্সবাজার জেলার পেকুয়ায় ২ গুণিতক ৬০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, ইআইএ এবং সম্ভাব্যতা যাচাই; ৩৮৪ কোটি টাকার বাংলাদেশ গ্রামীণ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প; ৮৯ কোটি টাকার বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জরুরি সরঞ্জামাদি সরবরাহ ও সংস্থাপন; ৭৫ কোটি টাকার নয়টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ; ৩ হাজার ৬৭ কোটি টাকার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান (তৃতীয় পর্যায়) প্রকল্প এবং ১ হাজার ২৯২ কোটি টাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন।