প্রতিষ্ঠার পর গত তিন বছরে প্রাণের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প পার্কে ১৮ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী বছর নাগাদ নতুন ৮ থেকে ১০টি প্রোডাকশন লাইন যুক্ত হলে আরও ৫ থেকে ৭ হাজার লোকের কর্মসংস্থান হবে। তখন এ শিল্প পার্কে কর্মীসংখ্যা বেড়ে প্রায় ২৫ হাজারে দাঁড়াবে।
বর্তমানে প্রাণের শিল্প পার্কটিতে ৩৭টি প্রোডাকশন লাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল গতকাল সোমবার হবিগঞ্জ শিল্প পার্কে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য দেন। তিনি আরও জানান, শিল্প পার্কটিতে ২০১৪ সালে উৎপাদন শুরু হয়। এখন কর্মরত লোকবলের ৮০ ভাগই স্থানীয়। এ ছাড়া কর্মীদের ৫৫ ভাগই নারী। শিল্প পার্কটি স্থাপনের ফলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে বলে উল্লেখ করেন কামরুজ্জামান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রাণের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (জিএম) এইচ এম মঞ্জুরুল হক ও ফজলে রাব্বি, সিনিয়র ম্যানেজার (প্রাণ-অ্যাডমিন) এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের কমিউনিকেশন ম্যানেজার জিয়াউল হক প্রমুখ।
এইচ এম মঞ্জুরুল হক জানান, কর্মসংস্থানের পাশাপাশি শায়েস্তাগঞ্জ এলাকায় উন্নত শিক্ষার সুযোগ সম্প্রসারণেও কাজ করছে প্রাণ-আরএফএল। সে অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধাসহ কারখানার পাশে একটি স্কুল স্থাপন করা হয়েছে। বর্তমানে এই স্কুলে প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রাণ-আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপ হবিগঞ্জের ওলিপুরে ২১৭ একর এলাকাজুড়ে হবিগঞ্জে এই শিল্প পার্ক গড়ে তোলে।