তিন বছরেই প্রকল্প ব্যয় বাড়ছে তিন গুণ!
বাস্তবায়ন তো পরের কথা, অনুমোদনের জন্য প্রকল্পের সারসংক্ষেপ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনই করা হয়নি। কিন্তু, এরই মধ্যে প্রকল্প ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে তিন গুণ।
মাত্র তিন বছরের ব্যবধানে প্রকল্প ব্যয় তিন গুণ বৃদ্ধির এই উদাহরণ তৈরি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের নাম ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং নয়টি জেলা কার্যালয় স্থাপন’।
২০১১ সালে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২৫ কোটি টাকা, এখন তা ধরা হচ্ছে ৭৩ কোটি টাকা। দেশের কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিদর্শনের জন্য অধিদপ্তরের নয়টি কার্যালয় স্থাপিত হবে নয়টি জেলায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্প হাতে নেওয়া হয়। জেলাগুলো হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, রংপুর, কুমিল্লা, মৌলভীবাজার ও বরিশাল। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নযোগ্য প্রকল্পটির নতুন মেয়াদকাল ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় একনেক বৈঠকে প্রকল্পটির সারসংক্ষেপ উপস্থাপনের কথা রয়েছে। কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা রয়েছে কি না, শ্রমমান ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় থাকছে কি না বা কারখানাগুলো আইনের বিধান মেনে চলছে কি না, সেগুলো যাচাইয়ের জন্যই এ প্রকল্প হাতে নেওয়ার উদ্দেশ্য বলে জানা গেছে।
ব্যয় বৃদ্ধিসহ প্রকল্পের সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। খুদে বার্তা দিয়ে বিষয়বস্তু উল্লেখ করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।
তবে প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ভারপ্রাপ্ত সদস্য হুমায়ুন খালিদ স্বাক্ষরিত সুপারিশপত্রে বলা হয়, ‘এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রতিটি কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা সম্ভব হবে। প্রতিষ্ঠানগুলোর অগ্নিজনিত দুর্ঘটনা রোধ ও ভবনধস এড়ানো যাবে।’
স্বাধীনতার আগে ১৯৭০ সালে গঠিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে চলতি বছরের জানুয়ারিতে অধিদপ্তরে রূপান্তর করা হয় এবং জনবল ৩১৪ থেকে ৯৯৩ জনে উন্নীত করা হয়।
গত বছরের এপ্রিলে রানা প্লাজা ধসের পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক না থাকার কারণে দেশ-বিদেশে সমালোচনা হয়। এরপর গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ১৬ শর্তসংবলিত যে কর্মপরিকল্পনা তৈরি করে দেয়, তার মধ্যে অন্যতম শর্ত প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক নিয়োগ। আইন সংশোধন করে বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিয়ে পরিদর্শক নিয়োগের এই শর্ত পূরণ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরিদর্শক নিয়োগের পর এবার গোটা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘিরেই সরকার মনোযোগ বাড়াতে চাইছে। তারই অংশ হিসেবে দেশের সব কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিদর্শনের জন্য সংস্থাটির আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, কার্যালয় স্থাপনের জন্য রংপুর ও ময়মনসিংহে ১০ শতাংশ করে জায়গা অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু গণপূর্ত বিভাগ শ্রম মন্ত্রণালয়কে জানিয়েছে, ১০ শতাংশ জায়গায় ভবন নির্মাণসহ কার্যালয় স্থাপন সম্ভব নয়। গত আগস্টে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) নয় জেলায় ১০ শতাংশের পরিবর্তে এক বিঘা করে জমি কেনার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিজস্ব কোনো কার্যালয় নেই। শুরু থেকেই সংস্থাটি ভাড়াবাড়িতে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছে।