তিন বছরের মধ্যে পোশাকশিল্পপল্লি উৎপাদনে যাবে
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় ৫০০ একর জমির ওপর পোশাকশিল্পপল্লি নির্মাণ-প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে। জমি বুঝে পাওয়া গেলেও অর্থায়ন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিন বছরের মধ্যেই এই পোশাকপল্লি উৎপাদনে যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, পোশাকশিল্পপল্লি গড়ে উঠলে সেখানে তিন লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে। এখান থেকে বছরে ৩০০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করা সম্ভব হবে। তিন বছরের মধ্যে এ শিল্পপল্লি উৎপাদনে যেতে পারবে।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল সোমবার চীনের ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল (হোল্ডিং) কোম্পানির প্রেসিডেন্ট তাঙ শিয়াও জি এবং বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে চীনের এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাউশিয়ায় পোশাকশিল্পপল্লি নির্মাণে চীনের বেসরকারি উদ্যোক্তাদের অর্থায়নে প্রস্তাবটি সরকার পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, চীনের প্রস্তাব অনুযায়ী প্রায় ১২০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ওই শিল্পনগরে আড়াই শ কারখানা স্থাপন করা হবে। এ ছাড়া কার্যালয়, আবাসন সুবিধা, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ, নৌপথ সংযোগ, হাসপাতালসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। আর এই পুরো প্রক্রিয়ায় যৌথভাবে যুক্ত থাকবে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পোশাকশিল্পে চীন অভিজ্ঞতায় সমৃদ্ধ। ভিয়েতনাম, কম্বোডিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে চীন তৈরি পোশাক কারখানা নির্মাণ করে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের সম্ভাবনাময় পোশাকশিল্পনগর নির্মাণেও তারা আগ্রহী। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রাথমিকভাবে নির্ধারিত জায়গাটি পরিদর্শন করেছেন।