তিন বছরের মধ্যে ভারতে বার্ষিক রপ্তানি হবে ৩০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করার পর বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের আগামী গতিপথ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদপ্রথম আলো: ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কেমন প্রভাব পড়বে?মাতলুব আহমাদ: ছয় বছর ধরে আমরা ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা আদায়ের চেষ্টা করছি। গত নভেম্বর মাসে তামাক ও অ্যালকোহলজাতীয় পণ্য ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে ভারত। যেহেতু আমরা তামাক ও অ্যালকোহলজাতীয় পণ্য রপ্তানি করি না, তাই বাংলাদেশের সব পণ্যই ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে গেছে। এই সুবিধার কারণে বাংলাদেশের রপ্তানি খুব বাড়বে। প্রথম দুই বছর তেমন না বাড়লেও তৃতীয় বছরে রপ্তানি ৩০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করি। এই সুবিধার কারণে আবার ভারতীয় কোম্পানিও বাংলাদেশে বিনিয়োগ করে কারখানা স্থাপন করতে ও পণ্য তৈরিতে উৎসাহিত হচ্ছে।প্রথম আলো: শুল্কমুক্ত বাজারসুবিধা নিতে বাংলাদেশি ব্যবসায়ীরা কতটা প্রস্তুত?মাতলুব আহমাদ: প্রস্তুতি খুব ভালো নয়। এখনো ব্যবসায়ী তথা রপ্তানিকারকদের বোঝাতে হচ্ছে, বাংলাদেশের জন্য একটি ভালো বাজার হলো ভারত। এই বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। রপ্তানিকারকেরা এখনো ভারতের বাজারটি আস্থায় আনতে পারছেন না। এসব রপ্তানিকারককে আস্থায় আনার উদ্যোগ নিতে হবে। তারা অনেকেই সন্দিহান যে ভারত আমাদের পণ্য কিনবে কি না। রপ্তানিকারকদের এই মনমানসিকতা পরিবর্তন করতে হবে। প্রথম আলো: ভারতের রপ্তানির ক্ষেত্রে অশুল্ক বাধা একটি বড় অন্তরায়—এটা কীভাবে দূর করা হবে?মাতলুব আহমাদ: গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরকালে বলেছিলেন, সব ধরনের অশুল্ক বাধা দূর করা হবে। সেই অনুযায়ী দুই দেশের সরকার কাজ করছে। অন্যদিকে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) পক্ষ থেকে কোথায়, কীভাবে অশুল্ক বাধা আসে, তা বের করার চেষ্টা করছি। মূলত পণ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে সার্টিফিকেশনেই বেশি জটিলতা থাকে। ভারত আমাদের পণ্যের গুণগত মান মানছে না। তবে অনেক রপ্তানি পণ্যে ভারতের চেয়ে বাংলাদেশ বেশি প্রতিযোগীসক্ষম। ভারতের ‘রাজ্য কর’ একটি অশুল্ক বাধা হলেও এটা ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।প্রথম আলো: বাণিজ্য ঘাটতি কমাতে বাজারসুবিধাই কি যথেষ্ট?মাতলুব আহমাদ: শুল্কমুক্ত বাজারসুবিধা যথেষ্ট নয়। অশুল্ক বাধা দূর করে শুল্কমুক্ত বাজারসুবিধা নিতে পারলে আগামী ৮-১০ বছরে বাণিজ্য ঘাটতি না-ও থাকতে পারে। এমনকি বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে চলে আসতে পারে। এ জন্য ভারতীয় বিনিয়োগ প্রবাহ বাড়াতে হবে।প্রথম আলো: ভারতকে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ব্যবসা-বাণিজ্যে কতটা প্রভাব পড়বে?মাতলুব আহমাদ: বর্তমান সরকার ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোয় পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে ট্রানজিট মাশুলের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ভারত রাজি হয়নি। আবার এর মধ্যে তিস্তা নদীর পানি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আশা করি, ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য ট্রানজিট পাবে। এই ট্রানজিট দিলে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে। ইতিমধ্যে ভারতের একটি ইস্পাত কোম্পানি বাংলাদেশে কাঁচামাল এনে স্টিল তৈরি করে তা ত্রিপুরায় নিতে আগ্রহ প্রকাশ করেছে। এভাবে ট্রানজিট দিলে বহু ভারতীয় কোম্পানি বাংলাদেশে আসবে। এ ছাড়া পরিবহন খাতসহ অন্যান্য খাতের প্রসার ঘটবে। তা ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স আমাদের ‘ন্যাচারাল মার্কেট’ বা স্বাভাবিক বাজার। এসব রাজ্য বাংলাদেশের পণ্য ছাড়া বাঁচতে পারবে না। এখন শুধু দরকার এ দেশের উদ্যোক্তাদের জন্য গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা। প্রথম আলো: ভারতীয় বিনিয়োগ কেন বাড়বে?মাতলুব আহমাদ: শুল্কমুক্ত বাজারসুবিধা অর্জন ও ট্রানজিটসুবিধা দেওয়ার উদ্যোগের কারণে দলে দলে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন। এসব বিনিয়োগকারী মূলত কাঁচামাল এনে বাংলাদেশে পণ্য প্রস্তুত করতে চান। ইতিমধ্যে কোপল্যান্ড নামে একটি ভারতীয় প্রতিষ্ঠান শ্রমিকদের জিন্স তৈরির জন্য কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া বেসরকারি উদ্যোগে সিলেট অঞ্চলে নিটোল নিলয় কমপ্লেক্স নামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। এখানে ভারতীয় বিনিয়োগকারীরা আসতে পারেন।[সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]