চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো মাত্র তিন হাজার ৮১৬ কোটি টাকা খরচ করতে পেরেছে। চলতি এডিপির আকার ৮৬ হাজার কোটি টাকা হলেও পরিকল্পনা কমিশনের তদারকিতে ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এক হাজার ২৮৭টি প্রকল্প রয়েছে।
উল্লেখ্য, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে প্রথম দুই মাসে খরচ হয়েছিল চার হাজার ৮১ কোটি টাকা (৭ শতাংশ) এবং চার হাজার ৫৩৯ কোটি টাকা (৮ শতাংশ)।
প্রতিবছরই সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়, বছরের প্রথম থেকেই এডিপি বাস্তবায়নে মনোযোগী হবে সরকার। কিন্তু সেই উদ্যোগ বাস্তবে দেখা যায় না। এডিপি বাস্তবায়ন পরিস্থিতিরও কোনো পরিবর্তন হয় না। এবার বরং অবনতি হয়েছে।
সাধারণত অর্থবছরের প্রথম তিন মাসে দরপত্র আহ্বান, ঠিকাদার চূড়ান্ত করা, কার্যাদেশ দেওয়া—এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই সময়ে বৃষ্টি বেশি হওয়ায় পূর্ত কাজে অগ্রগতি হয় না। তাই অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপির বাস্তবায়ন খুব বেশি হয় না বলে আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন।
আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, তিন বছরের তুলনামূলক চিত্রে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি সহায়তার অর্থ ব্যবহার আরও নাজকু হয়েছে। গত জুলাই-আগস্টে মোট ৯৭৫ কোটি টাকা খরচ হয়েছে। আগের দুই বছরে একই সময়ে বিদেশি সহায়তার যথাক্রমে এক হাজার ৩১ কোটি টাকা এবং এক হাজার ৪২৯ কোটি টাকা খরচ হয়েছিল। অন্যদিকে, আলোচ্য দুই মাসে এ বছর দেশজ উৎসে অর্থের দুই হাজার ৮৪১ কোটি টাকা খরচ হয়েছে, যা বিগত তিন বছরের চেয়ে কম।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আটটি মন্ত্রণালয় বা বিভাগ কোনো অর্থ খরচ করতে পারেনি। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ। থোক বরাদ্দ হিসেবে প্রায় এক হাজার ৪৯০ কোটি টাকা রয়েছে, কিন্তু এক টাকাও খরচ হয়নি।
আবার বরাদ্দের ১ বা ১ শতাংশের কম খরচ করেছে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো সড়ক ও জনপথ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, তথ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং আইএমইডি।
শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে এডিপির মোট ৭৪ শতাংশ বা ৫৮ হাজার ২০৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রথম দুই মাসে এই ১০টি মন্ত্রণালয় মাত্র ৫ শতাংশ বা তিন হাজার ৬৬ কোটি টাকা খরচ করেছে।