তিন বছরের মধ্যে সীমায় আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ মোট মূলধনের ২৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আইন অনুসারে, কোনো ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ থাকলে তা তিন বছর, অর্থাৎ ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনার সঙ্গে ব্যাংকগুলোর জন্য শেয়ারবাজারে বিনিয়োগের বিবরণীর একটি ছকও দেওয়া হয়েছে। এই ছক অনুযায়ী প্রতি মাসের বিবরণী পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩) অনুযায়ী, কোনো ব্যাংক তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়ামে রক্ষিত স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংয়ের ২৫ শতাংশ পর্যন্ত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানি বা এরূপ অন্য কোনো কোম্পানিকে বা কোনো স্টক ডিলারকে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং নিয়ম পালন করতে হবে। এ ছাড়া একক ঋণগ্রহীতার সর্বোচ্চ সীমার বিষয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।
শেয়ারবাজারে ব্যাংকের মোট বিনিয়োগ হিসাবে ব্যাংকের ধারণ করা সব শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট ও নিদর্শনপত্রের বাজারমূল্য অন্তর্ভুক্ত হবে।
হিসাবের ক্ষেত্রে পুঁজিবাজারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানি বা কোম্পানিগুলোকে দেওয়া ঋণের স্থিতি (তলবি ও মেয়াদি ঋণের ক্ষেত্রে) ও মঞ্জুরিকৃত ঋণসীমা (চলমান ঋণের ক্ষেত্রে), প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুঁজিবাজারে নিয়োজিত অপর কোনো কোম্পানি বা কোম্পানিগুলো অথবা কোনো স্টক ডিলারকে দেওয়া ঋণের স্থিতি ও মঞ্জুরি করা ঋণসীমা এবং তাদের সঙ্গে রক্ষিত তহবিলের স্থিতি (প্লেসমেন্ট) যুক্ত করতে হবে।