সিঙ্গাপুরের সিঙ্গাপুর, মালয়েশিয়ার কেলাং ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরে বাংলাদেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের পণ্যবাহী ৫ হাজার ৩৫৬ একক কনটেইনার আটকা পড়েছে। এর মধ্যে ৯৪৮টি কনটেইনারে রয়েছে রপ্তানিমুখী পণ্য; যা ইউরোপ-আমেরিকায় নেওয়া হচ্ছিল। বাকি ৪ হাজার ৪০৮টি কনটেইনার রপ্তানিমুখী পণ্য তৈরির কাঁচামালসহ বিভিন্ন ধরনের আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
বিশ্বের অনেক দেশের মতো সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বন্দরগুলো দক্ষিণ কোরিয়ার হানজিন শিপিং লাইনের কনটেইনারবাহী জাহাজ আটকে রাখায় বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারকদের এসব পণ্য আটকে গেছে। এতে তাঁরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। দেউলিয়াত্বের মুখে পড়া হানজিন শিপিংয়ের কাছ থেকে পাওনা আদায়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তাঁদের জাহাজ আটকে রেখেছে বন্দরগুলো।
হানজিন শিপিং লাইন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে এক সপ্তাহ আগে কোম্পানিটির বিভিন্ন জাহাজে করে এসব কনটেইনার-ভর্তি পণ্য নেওয়া হয়।
চারটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত ফ্রেইট ফরোয়ার্ডার ‘ইএএস লিমিটেডের’ পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, লন্ডনের ‘লালটেকস’ নামের একটি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে এসব পণ্য নেওয়ার পথে কলম্বো বন্দরে আটকা পড়েছে। হানজিনের কনটেইনার এখন কেউ পরিবহন করতে চাইছে না। ফলে এই কনটেইনার থেকে পণ্য নিয়ে আরেক প্রতিষ্ঠানের কনটেইনারে বোঝাই করে রপ্তানি করতে হবে। এতে একটি কনটেইনার পণ্যে দুই থেকে আড়াই হাজার ডলার বাড়তি খরচ লাগবে। আবার ক্রেতার কাছে পণ্য পৌঁছাতেও দেরি হবে।
হানজিন জাহাজ কোম্পানির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আটকে পড়া রপ্তানিমুখী কনটেইনারগুলোতে সিংহভাগই রয়েছে তৈরি পোশাক। আর আমদানিমুখী কনটেইনারগুলোয় অধিকাংশ হলো পোশাকশিল্পের কাঁচামাল, কাপড়, সুতা, তুলা ও যন্ত্রপাতি। তাই কাঁচামাল হাতে না পেলে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানিতে অনিশ্চয়তায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন পোশাকশিল্পের মালিকেরা।
জানতে চাইলে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গন্তব্যস্থলে পৌঁছার আগে পণ্যবাহী কনটেইনার আটকে রাখার নিয়ম নেই। এরপরও কাঁচামাল বা রপ্তানি পণ্য আটকা পড়লে বড় ক্ষতি হবে পোশাক খাতে। বড় সমস্যা হওয়ার আগে এ বিষয়ে সহযোগিতা চেয়ে বাণিজ্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সহযোগিতা চাইব।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে রপ্তানি ও আমদানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়া হয় সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার চারটি বন্দরের মাধ্যমে। চট্টগ্রাম বন্দর জেটিতে বড় জাহাজ ভিড়তে না পারায় ছোট জাহাজে করে প্রথমে রপ্তানি পণ্যবাহী কনটেইনার নেওয়া হয় এই চারটি বন্দরে। এরপর সেখানে অপেক্ষমাণ ইউরোপ-আমেরিকাগামী বড় জাহাজে তুলে দেওয়া হয়। একইভাবে বিভিন্ন দেশ থেকে ওই চারটি বন্দরের মাধ্যমে আমদানি পণ্যবাহী কনটেইনার দেশে আনা হয়।
দেশের রপ্তানিকারকেরা বঙ্গোপসাগরে থাকা হানজিনের জাহাজ থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনারগুলো চট্টগ্রামে ফেরত নিয়ে আসছেন। এর মধ্যে ‘ওইএল মালয়েশিয়া’ নামের একটি জাহাজের হানজিনের জাহাজ থেকে ৭৩ একক কনটেইনার নিয়ে আজ রোববার জেটিতে ভেড়ার কথা রয়েছে।
জানা গেছে, ফেরত আনা কনটেইনারের মধ্যে এশিয়ান গ্রুপের রপ্তানি পণ্য রয়েছে। যোগাযোগ করা হলে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে হানজিনের কনটেইনারে তৈরি পোশাক নেওয়া হচ্ছিল। তবে কোনো বন্দরে আটকে থাকলে আরও বড় ক্ষতি হতো। ফেরত আনায় অন্তত বিমানেও ওই পণ্য পাঠানো যাবে। ফেরত আনা কনটেইনারের পণ্য কীভাবে রপ্তানি করা হবে, তা ফ্রেইট ফরোয়ার্ডাররা দেখছে বলে তিনি জানান।
এদিকে বাংলাদেশের জলসীমায় থাকা হানজিনের পরিচালনাধীন দুটি জাহাজ থেকে পণ্য খালাস শেষ হয়েছে। জাহাজ দুটি এখন বন্দরের বহির্নোঙরে রয়েছে। জাহাজ দুটিকে চলে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে না। হানজিন শিপিংয়ের কাছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি টাকা পাওনা দাবি করেছে। চূড়ান্ত হিসাব করা হলে টাকার পরিমাণ আরও বাড়বে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘পাওনা না দেওয়া পর্যন্ত হানজিনের জাহাজ দুটিকে বন্দর ত্যাগের ছাড়পত্র দেওয়া হবে না। তবে দেশীয় আমদানিকারকদের স্বার্থে বিভিন্ন জাহাজ থেকে হানজিনের কনটেইনার নামানো হচ্ছে।’
হানজিনের দেউলিয়াত্বের খবর প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানের চট্টগ্রামের আগ্রাবাদের কার্যালয়ে আমদানি-রপ্তানিকারকদের প্রতিনিধিদের ভিড় করতে দেখা যায়। হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রামের ব্যবস্থাপক জয়নাল আবেদিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সংকটের সময়ও দেশীয় আমদানিকারক-রপ্তানিকারকদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। অন্তত এ বন্দরে যাতে কোনো জাহাজে পণ্য আটকে না থাকে, সেদিকে জোর দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, বাংলাদেশে কর্ণফুলী গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বে ‘হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করছে হানজিন শিপিং।