তিন বেসরকারি কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (আইপিপি) থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। মানিকগঞ্জের ফোর্ডনগরের ফার্নেসতেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর কেন্দ্র এবং মুন্সিগঞ্জের সাগোদা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৫০ মেগাওয়াট করে এই বিদ্যুৎ কেনা হবে। এই প্রস্তাবসহ দেশের নিরীক্ষাব্যবস্থা উন্নীতকরণ, গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণসহ মোট আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, মানিগঞ্জের ফোর্ডনগর এবং ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনতে সরকারের ব্যয় হবে ছয় টাকা ৯৮ পয়সা। মুন্সিগঞ্জে সাগোদা পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে সাত টাকা ১৭ পয়সা। নুরুল করিম বলেন, জিটিসিএল কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় বাস্তবায়নের প্রক্রিয়াধীন মহেশখালী-আনোয়ারা, বিবিয়ানা-শনুয়া ও আশুগঞ্জ-বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সাত ধরনের সেবা চালুর জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৫৯৯ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) প্রকল্পটি বাস্তবায়ন করবে। কয়েকটি দাতা সংস্থার অর্থায়নে সরকারি নিরীক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য একটি প্রকল্পের পরামর্শক নিয়েগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৩ কোটি ২৭ লাখ টাকা। যুক্তরাজ্যভিত্তিক পিকেএফইউকে এলএলপি নামের একটি প্রতিষ্ঠান পরামর্শক হিসেবে কাজ করবে। এ ছাড়া ভারতীয় ঋণচুক্তির আওতায় খুলনা-মংলা পোর্ট রেলওয়ে লাইনের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের পরামর্শক নিয়োগের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫ কোটি পাঁচ লাখ টাকা।