তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ভঙ্গ করে শেয়ার লেনদেন করায় তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জরিমানা করা ব্যক্তিরা হলেন আবদুর রহিম, মাহফুজুর রহমান ভূঁইয়া ও বুলবুল আহমেদ। আর প্রতিষ্ঠান হলো নিউ ক্যাপিটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিডেট।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, বিএসইসির ১৯৬৯ সালের অধ্যাদেশের ১৭(ই)(২)(৩)(৫) ধারা ভঙ্গ করে রহিম টেক্স, বঙ্গজ, মিথুন নিটিং ও রেনাটার শেয়ার লেনদেন করায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওই জরিমানা করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে আরও বলা হয়, আবদুর রহিমকে ১০ লাখ এবং মাহফুজুর রহমান ভূঁইয়া ও বুলবুল আহমেদকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই অভিযোগে নিউ ক্যাপিটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।