তিন ব্যাংকে এমডি নিয়োগের চিঠি
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে ব্যাংকগুলোর পর্ষদকে চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার এ চিঠি পাঠায়।
কর্মসংস্থান ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকে, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ সামস্-উল ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানকে রূপালী ব্যাংকে তিন বছরের জন্য নিয়োগ দিতে পর্ষদগুলোকে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।’
সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত গত ১৬ জুন অবসরে যান। বর্তমানে ব্যাংকটির ডিএমডি দিদার মো. আবদুর রব ভারপ্রাপ্ত এমডি।
অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। সরকার একই দিন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয় ডিএমডি মিজানুর রহমান খানকে। ওই দিনই দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন ডিএমডি কাজী ছানাউল হক। এদিকে গত সপ্তাহে জামিনে থাকা মিজানুর রহমান খানকে বরখাস্ত করে সরকার।
রূপালী ব্যাংকের এমডি এম ফরিদউদ্দিনের মেয়াদ ৭ জুলাই শেষ হলে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পান ডিএমডি দেবাশীষ চক্রবর্তী।
সরকারই মূলত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডিদের নিয়োগ দেয়। পরিচালনা পর্ষদের মাধ্যমে এমডিদের নিয়োগ দেওয়াটা আনুষ্ঠানিকতা মাত্র—দেশের শীর্ষ ব্যাংকারদের মধ্যে এমন সমালোচনা রয়েছে।