তিন ব্যাংকের বিনিয়োগ তথ্য চেয়েছে বিএসইসি
পুঁজিবাজারে বিনিয়োগের ঘোষণা দেওয়া তিনটি ব্যাংকের কাছে আবারও এ-সংক্রান্ত তথ্য চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক তিনটি হলো: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেড।গত ১৮ মার্চ বিকেলে বিএসইসির এক পরিচালক স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে পুঁজিবাজারের স্থিতিশীলতার লক্ষ্যে পূর্বঘোষিত সম্পূর্ণ বিনিয়োগ সম্পন্ন করে এই তিনটি ব্যাংকের হালনাগাদ তথ্য বিএসইসিতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে এ তথ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে।বিএসইসি সূত্রে জানা যায়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে গত বছরের জুলাই মাসে স্ট্যান্ডার্ড ব্যাংক ১০০, ন্যাশনাল ব্যাংক ৩০০ ও পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়। ব্যাংকগুলো জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করে। আইন অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির বিনিয়োগের তথ্য মূল্য-সংবেদনশীল হওয়ায় বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ব্যাংকগুলোকে পরবর্তী সময় এ ধরনের ঘোষণা না দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের বিনিয়োগ করা অর্থ কোন সিকিউরিটিজ হাউসে জমা দিয়েছে এবং কত দিনের মধ্যে ঘোষিত বিনিয়োগের কার্যক্রম সম্পন্ন করবে, সে বিষয়েও জানতে চায়।এদিকে গত ৭ জানুয়ারি বিএসইসি এই তিনটি ব্যাংককে সাত কর্মদিবসের মধ্যে এ-সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেয়। কিন্তু ব্যাংকগুলো তাদের বিনিয়োগের তথ্য কমিশনে জমা না দেওয়ায় আবারও একই তথ্য চেয়েছে বিএসইসি।