তিন মাস পেছাল ডিএসইর নির্বাচন ও এজিএম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠানের সময় তিন মাস পেছানো হয়েছে। সংস্থাটির ব্যবস্থাপনা বিভাগ থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের কারণে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।এজিএম ও নির্বাচনের সময় বাড়ানোর ফলে বর্তমান কমিটির মেয়াদ তিন মাস বেড়ে গেল। এর ফলে বর্তমান সভাপতি মো. রকিবুর রহমানসহ বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদও বাড়ল তিন মাস।এ বিষয়ে জানতে চাইলে রকিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা ভেবেছিলাম শিগগিরই ডিমিউচুয়ালাইজেশন আইন জাতীয় সংসদে পাস হবে। এই আইন পাস হলে ডিএসইর বোর্ড স্বাভাবিকভাবেই ভেঙে যাবে। পরে নতুন করে আবার নতুন নিয়মে বোর্ড গঠন করতে হবে। আমরা চাই এই কমিটির হাতেই ডিমিউচুয়ালাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন হোক। আর তাই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এজিএম ও নির্বাচন অনুষ্ঠানের সময় তিন মাস বাড়ানো হয়েছে।’ এ ক্ষেত্রে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) অনুমোদন নিতে হবে, যা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। আগামী জুনের মধ্যে শূন্য পরিচালক পদের নির্বাচন, এজিএম এবং সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি।ডিএসই সূত্রে জানা যায়, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী ডিএসইতে প্রতিবছর অন্তত একবার এজিএম করতে হবে। এ ছাড়া একটি এজিএমের পর অন্যটি সর্বোচ্চ ১৫ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর পরিচালনা পর্ষদে মোট ১২ জন নির্বাচিত সদস্য রয়েছেন। এ বছর চারজনের পদ শূন্য হচ্ছে। তাঁরা হলেন—বর্তমান সভাপতি রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসুল ও শরীফ আতাউর রহমান।নিয়ম অনুযায়ী এজিএম অনুষ্ঠিত হওয়ার আগেই পরিচালনা পর্ষদের শূন্য পদ পূরণ করতে হয়। গত বছরের ১৫ মার্চ ডিএসইর এজিএম অনুষ্ঠিত হয়েছিল। আর ১১ মার্চ চারটি পরিচালক পদ পূরণের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মো. হানিফ ভুঁইয়া, মো. শাহজাহান, মো. আবদুল হক ও মিনহাজ মান্নান ইমন পরিচালক নির্বাচিত হন। পরে এজিএম শেষে রকিবুর রহমান সভাপতি, আহমেদ রশিদ লালী জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. শাহজাহান সহসভাপতি নির্বাচিত হন।এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, এরই মধ্যে ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন আইন সংসদে উপস্থাপন করা হয়েছে। শিগগিরই আইনটি পাস হওয়ার কথা রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তী সময় এজিএম ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হবে।