তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ২৩৬৬ কোটি টাকা
বাংলাদেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৩৬৬ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকেরই খেলাপি ঋণ তিন মাসে সবচেয়ে বেশি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, এ সময়ে খেলাপি ঋণ আগের মতো বাড়েনি। ব্যাংকগুলোর সঞ্চিতি ঘাটতিও কমেছে। বলা যায়, ব্যাংকগুলোর সম্পদের গুণগত মানের বড় ধরনের উন্নতি ঘটছে।
জানা গেছে, রাজনৈতিক সুবিধায় ঋণ পুনর্গঠন ও বিশেষ সুবিধায় ঋণ পুনঃ তফসিলের পরও খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। প্রতি মাসে নতুন করে খেলাপি হয়ে পড়ছে হাজার কোটি টাকার ঋণ। এর ফলে দেশের ব্যাংকব্যবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।