তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা বেড়ে গেছে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাস শেষে এর পরিমাণ হয়েছে ৪৮ হাজার ১৭২ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ৭ দশমিক ৯৮ শতাংশ।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল। পুরোনো-নতুন মিলে বিপুলসংখ্যক খেলাপি তাদের ঋণ নিয়মিতও করে। এতে গত বছর ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে হয়েছিল ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা বা ৮ দশমিক ৯৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতকৃত ডিসেম্বর ও মার্চভিত্তিক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং (নিরাপত্তা সঞ্চিতি) প্রতিবেদনের বিশ্লেষণে এ তথ্য মিলেছে।

জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, দুটি কারণে খেলাপি ঋণ বেড়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক সহিংসতার কারণে ঋণ পুনঃতফসিলের যে সুযোগ দেওয়া হয়েছিল, তার মধ্যে কিছু ক্ষেত্রে বিধি মোতাবেক প্রভিশন না রাখায় কিছু ঋণ আবার শ্রেণীকরণ করা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সরেজমিনে গিয়ে কিছু ঋণ হিসাবে ঠিকমতো নিয়মনীতি অনুসরণ না করায় সেগুলো শ্রেণীকরণ করে এসেছে।’

তবে সাধারণভাবে দেখা যায়, প্রতিবছরই প্রথম তিন প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ে। আর বছরের শেষে এসে খেলাপি ঋণ কমে যায়। দুভাবে এটা কমে। ব্যাংকাররা মুনাফা বৃদ্ধি করতে আদায়ের বিষয়ে অধিক তৎপরতা চালান। একইভাবে ব্যবসায়ীরাও বছর শেষে তাঁর হিসাবটি সন্তোষজনক রাখতে চান। 

রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিতে খেলাপি ঋণ পুনঃতফসিলের মহোৎসবে সবচেয়ে অগ্রসর ছিল রাষ্ট্র খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল, বেসরকারি খাতের ন্যাশনাল ও প্রিমিয়ার ব্যাংক। তিন মাস পরে এসে দেখা যাচ্ছে, এই ব্যাংকগুলোর নতুন করে বিপুল পরিমাণে ঋণখেলাপি হয়েছে। সুযোগের পর্বে বেসরকারি খাতের ৩৯ ব্যাংকের মধ্যে ২৭টির খেলাপি ঋণ কমেছিল। একটি ব্যাংকের পরিস্থিতি অপরিবর্তিত ও নয়টি নতুন ব্যাংকের ঋণখেলাপের তথ্য ছিল না। বাকি দুটি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছিল।

কিন্তু তিন মাস পর একেবারেই উল্টো চিত্র পাওয়া যাচ্ছে। ৩৯টি বেসরকারি ব্যাংকের মধ্যে ২৭টিরই খেলাপি ঋণ বেড়েছে। তিনটির কমেছে। আর নতুন নয় ব্যাংকের খেলাপি ঋণের তথ্য এখনো নেই। বলা যায়, তিন মাস আগে বেশ একটা ভালো চেহারা দেখা যাচ্ছিল ব্যাংকগুলোর। এখন কিছুটা ম্লান হয়েছে।

আইসিবি ইসলামী ব্যাংকের পরিস্থিতি উদ্বেগজনক ছিল। এখন ব্যাংকটির ৭৫ শতাংশ ঋণই খেলাপিতে পরিণত হয়েছে, গতিও নিম্নগামী। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শতকরা হিসাবে দুই অঙ্কের ঘরে খেলাপি ঋণ রয়েছে আর একটি ব্যাংকের, সেটি উত্তরা ব্যাংক।

উল্লেখ্য, গত বছরের শেষভাগে বিএনপি-জামায়াতের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা হিসেবে নীতি-কাঠামো তৈরি করা হয়েছিল যে ক্ষতিগ্রস্ত শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান নমনীয়ভাবে খেলাপি ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাবে। কিন্তু সুযোগটি পুরোনো-নতুন প্রায় সব খেলাপিই ব্যবহার করে। এককালীন জমা (ডাউন পেমেন্ট) ছাড়াই বা নামমাত্র জমা দিয়ে নিয়মিত করে নেয় তাদের খেলাপি ঋণ। এ সুযোগ এখনো আছে, আগামী জুন পর্যন্ত থাকবে। তবে প্রথম দিকেই অর্থাৎ গত বছরের ডিসেম্বরের মধ্যেই সর্বাধিক খেলাপি ঋণ এ সুযোগে পুনঃতফসিল হয়েছে।

তিন মাস পর মার্চ শেষে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ২১ দশমিক ৯৮ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোতে ৫ দশমিক ৭৭ শতাংশ। বিদে​িশ নয়টি ব্যাংকে খেলাপি ঋণ ৫ দশমিক ৩২ শতাংশ। আর বিশেষায়িত চারটি ব্যাংকে বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৯৩ শতাংশ।

ঋণ অনিয়ম, জালিয়াতিতে দেশের সবচেয়ে আলোচিত-সমালোচিত রাষ্ট্র খাতের বেসিক ব্যাংকের খেলাপি ঋণ তিন মাসে দ্বিগুণ হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে প্রায় ৬০০ কোটি টাকার বিপুল পরিমাণ খেলাপি ঋণ পুনঃতফসিল করে ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ হয়েছিল এক হাজার ২৮২ কোটি টাকা। তিন মাসে আবার তা বেড়ে হয়েছে দুই হাজার ৫৫৭ কোটি টাকা বা ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ।