তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে দুই হাজার ৬৪৫ কোটি টাকা
ব্যাংক খাতে গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ও হার বেশ খানিকটা বেড়েছে। এ সময় খেলাপি ঋণ বাড়ে দুই হাজার ৬৪৫ কোটি টাকা।চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ হয়েছে ২৫ হাজার ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ৬ দশমিক ৫৭ শতাংশ। এ সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের স্থিতি ছিল তিন লাখ ৮৫ হাজার ১২৬ কোটি ৩৮ লাখ টাকা।এর আগে ২০১১ সালের গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৬৪৪ কোটি ১৬ লাখ টাকা। যা সেই সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের স্থিতি তিন লাখ ৬৯ হাজার ৯০১ কোটি ১১ লাখ টাকার ৬ দশমিক ১২ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রস্তুতকৃত ২০১২ সালের মার্চভিত্তিক ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদনের সঙ্গে ডিসেম্বরের হিসাবের তুলনায় এ তথ্য মিলেছে। আর ২০১১ সালের মার্চ মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার ৭৫২ কোটি টাকা বা মোট ঋণের ৭ দশমিক ২৭ শতাংশ।তুলনায় দেখা যায়, রাষ্ট্র খাতের বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি এবং বিদেশি ব্যাংক—সব ক্ষেত্রেই খেলাপি ঋণের হার ও পরিমাণ দুটিই বেড়েছে। আর বিশেষায়িত ব্যাংকগুলোতে পরিমাণ সামান্য বাড়লেও শতাংশ হারে খেলাপি ঋণ কিছুটা কমেছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, মার্চে এসে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ১০ হাজার ১২০ কোটি ৪৫ লাখ টাকা বা তাদের মোট ঋণের ১২ দশমিক শূন্য ৬ শতাংশ। ডিসেম্বরে এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯ হাজার ১৭০ কোটি ৭৫ লাখ টাকা বা মোট ঋণের ১১ দশমিক ২৭ শতাংশ।বেসরকারি ৩০ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আট হাজার ৭৭৮ কোটি ২৯ লাখ টাকা বা মোট ঋণের ৩ দশমিক ৪৪ শতাংশ। ডিসেম্বরে ছিল সাত হাজার ২০২ কোটি ১২ লাখ টাকা বা মোট ঋণের ২ দশমিক ৯৫ শতাংশ।রাষ্ট্র খাতের চার বিশেষায়িত ব্যাংকে মার্চ শেষে খেলাপি ঋণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা বা মোট ঋণের ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ। ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ৫ হাজার ৬৪৫ কোটি ২৭ লাখ টাকা বা মোট ঋণের ২৪ দশমিক ৫৫ শতাংশ। মার্চে এসে বিদেশি নয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা বা তাদের মোট ঋণের ৩ দশমিক ২০ শতাংশ। ডিসেম্বরে শেষে এসব ব্যাংকে খেলাপি ঋণ ছিল ৬২৬ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ২ দশমিক ৯৬ শতাংশ।এদিকে মোট খেলাপি ঋণের পাশাপাশি নিট খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে। মোট খেলাপি ঋণ থেকে ঋণের বিপরীতে রাখা প্রভিশন ও স্থগিত সুদ বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ শেষে নিট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৯ কোটি ৩৩ লাখ টাকা এবং হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৭ শতাংশ।