চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মাসে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। বিপিসির অধীনে পরিচালিত ইউনিটগুলোতে সেবার মান বাড়ানো, আবাসিক ইউনিটগুলোতে ঘর খালি না থাকা, অতিথিদের সন্তুষ্টি অর্জনে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বিপিসির আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার।গত বুধবার রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘২৬তম বাণিজ্যিক সম্মেলন’-এ এ তথ্য জানানো হয়। এ সময় ‘বেস্ট ম্যানেজার অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট পারফরমার অব দ্য ইয়ার’-এর নাম ঘোষণা করা হয়। মোট ৩৭টি ইউনিটের মধ্যে ২০টি ইউনিট বিপিসির অধীনে পরিচালিত হয়। বাকিগুলো বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে।সম্মেলনে ইউনিট প্রধানেরা তাঁদের ত্রৈমাসিক বাণিজ্যিক প্রতিবেদন উপস্থাপন করেন। তাঁরা বিপিসি পরিচালিত ইউনিটগুলোকে অটোমেশনের আওতায় এনে নতুন দক্ষ লোকবল নিয়োগের সুপারিশ করেন।এ সময় সংস্থার তিন পরিচালক জামাল আবদুন নাসের, অনন্ত কুমার চৌধুরী, কালী রঞ্জন বর্মণ উপস্থিত ছিলেন।