চলতি বছরের প্রথম তিন মাসে রাশিয়া থেকে পুঁজি বাইরে চলে যাওয়ার পরিমাণ সাত হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বড় ধরনের বিরোধ দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা রাশিয়া থেকে বিপুল পরিমাণ পুঁজি প্রত্যাহার করে নিচ্ছেন।
রুশ উপ-অর্থমন্ত্রী আন্দ্রেই ক্লেপাচ গত সোমবার জানিয়েছেন, রাশিয়া থেকে পুঁজি প্রত্যাহার বছরের প্রথম প্রান্তিকে ছয় হাজার ৫০০ কোটি ডলার থেকে সাত হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে।
রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে, আর তাতে করে রাশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ বিরাট অনিশ্চয়তার মুখে পড়বে— মূলত এ আশঙ্কায় পুঁজি প্রত্যাহার বেড়ে গেছে।
অথচ গত বছর রাশিয়া থেকে ছয় হাজার ৩০০ কোটি ডলারের সমপরিমাণ পুঁজি প্রত্যাহার হয়েছিল। এবার মাত্র তিন মাসেই এই পরিমাণ ছাড়িয়ে যাচ্ছে।
রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী হলো জার্মানি। জার্মান প্রতিষ্ঠানগুলো পুনর্বিনিয়োগের জন্য মুনাফার যে অংশ ধরে রেখেছিল, এখন সেটুকুই প্রত্যাবাসন করা শুরু করেছে।
আন্দ্রে ক্লেপাচ অবশ্য জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ৩০ শতাংশ হারে বেড়েছে, যা জানুয়ারি মাসে ছিল দশমিক ১০ শতাংশ। আর মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। আর গত বছর জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। সূত্র: এফটি