তিন মাসে ২১ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২১ হাজার ৫৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
এ ঋণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই ঋণের মোট লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৮ শতাংশ।
আগের বছরের একই সময়ে এসএমই ঋণ বিতরণ হয়েছিল ১৯ হাজার ৩৫২ কোটি টাকা। খবর বাসসের।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বাসসকে বলেন, প্রকৃত গ্রাহকের চাহিদা অনুযায়ী ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ মেনে তারা ঋণ দিচ্ছে কি না কেন্দ্রীয় ব্যাংক তা তদারক করছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএমই খাতে মোট ৮৮ হাজার ৫৩৭ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে জানুয়ারি-মার্চ সময়ে বিতরণ হওয়া ২১ হাজার ৫৩ কোটি টাকার মধ্যে ব্যাংকগুলো বিতরণ করেছে ২০ হাজার ৪১৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে বিতরণ করেছিল ১৫ হাজার ২২ কোটি টাকা।
অন্যদিকে, একই সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিতরণ করেছে ৬৩৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ে তাদের বিতরণ ছিল ৪৬০ কোটি টাকা।
রাষ্ট্রীয় মালিকানার চার বাণিজ্যিক ব্যাংক পাঁচ হাজার ৫২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে এক হাজার ৫০৯ কোটি টাকা। এটি এসব ব্যাংকের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ২৭ দশমিক ৩৩ শতাংশ।
বেসরকারি ব্যাংকগুলোর ৭৩ হাজার ৫৩২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১৭ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৩৩ শতাংশ।