তিন মাসের জন্য বিএসইসিতে প্রধান হিসাবরক্ষক পরামর্শক!
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সনদধারী হিসাববিদ (সিএ) নেই। নেই প্রধান হিসাবরক্ষক। প্রধান হিসাবরক্ষকের দপ্তরও নেই। অথচ প্রধান হিসাবরক্ষক পদে মাত্র তিন মাসের জন্য পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিএসইসি।
এভাবে তিন মাসের জন্য পরামর্শক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ইতিমধ্যে পরামর্শক নিয়োগে আবেদনপত্র জমা নেওয়ার সময় শেষ হয়েছে। আর নির্ধারিত সময়ে মাত্র তিনজন ওই পদে আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে দু’জন সাক্ষাৎকােরও অংশ নিয়েছেন৷
বিএসইসি সূত্রে জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আনতে, কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন যথাযথ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং প্রধান হিসাবরক্ষকের কাজ কী হবে তা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা (গাইডলাইন) তৈরি করতে এই পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান হিসাবরক্ষকের দপ্তর খোলা হচ্ছে।
পরামর্শকের বেতনভাতা বিএসইসি থেকেই বহন করা হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি৷ যে দু’জন আবেদনকারী সাক্ষাৎকারে অংশ নিয়েছেন, তাঁরা কমিশনের কাছে যে ধারণা দিয়েছে, তাতে মাসে ৪ লাখ টাকার কমে তাদের নিয়োগ দেওয়া যাবে না৷
বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তার অন্যতম শর্ত পূরণের জন্য এই পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে কার্যকর, স্থিতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট ২৮টি শর্ত দেয় এডিবি। এর মধ্যে অন্যতম হলো বিএসইসিতে প্রধান হিসাবরক্ষকের দপ্তর স্থাপন এবং প্রধান হিসাবরক্ষক ও নিরীক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গাইডলাইন প্রণয়ন।
বিএসইসির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান হিসাবরক্ষক পদে পরামর্শক নিয়োগে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, এফসিএ হিসেবে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা পেশাদারি অভিজ্ঞতা। আর কাজের পরিধি সম্পর্কে বলা হয়েছে, অ্যাকাউন্টিং ও অডিটিং পলিসি প্রণয়নে কমিশনকে উপদেশ বা সহযোগিতাকরণ, তালিকাভুক্ত কোম্পানির অ্যাকাউন্টিং ও রিপোর্টিং পলিসি প্রণয়নে সহায়তাকরণ এবং কমিশন কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘যেখানে প্রধান হিসাবরক্ষকই নেই, সেখানে ওই পদে পরামর্শক নিয়োগ দিয়ে কী লাভ হবে জানি না। আগে দরকার প্রধান হিসাবরক্ষক, পেশাদার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ। তবে কোনো প্রকল্পের শর্ত পূরণে এ ধরনের নিয়োগ দেওয়া যেতে পারে। পরামর্শক নিয়োগের বিষয়টি আরও পরিষ্কার হওয়া দরকার ছিল। বিজ্ঞপ্তিতে তিন মাসের সময় উল্লেখ করা হয়েছে। এত অল্প সময়ের জন্য পেশাদার কেউ এখানে আসবেন কি না, তাতে সন্দেহ রয়েছে।’
তবে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বিএসইসির করপোরেট ফাইন্যান্স বিভাগ তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। তবে এডিবির পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচিতে বিএসইসিতে প্রধান হিসাবরক্ষকের দপ্তর স্থাপন ও প্রয়োজনীয় গাইডলাইন তৈরির জন্য প্রধান হিসাবরক্ষক পদে পরামর্শক নিয়োগের শর্ত ছিল। ওই শর্ত অনুযায়ী প্রাথমিকভাবে পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
পেশাদার হিসাববিদ নেই: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১৫টি কোম্পানির আর্থিক প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব বিএসইসির। কিন্তু এই সংস্থায় নেই কোনো পেশাদার হিসাববিদ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট)। নেই প্রধান হিসাবরক্ষকও। তবে নিজস্ব করপোরেট ফাইন্যান্স বিভাগ রয়েছে বিএসইসির। এই বিভাগই নিয়ে সন্তুষ্ট থাকছে বিএসইসি।
অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএসইসির নিজস্ব লোকবলকাঠামো রয়েছে। বর্তমানে এখানে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনারসহ মোট ৯১ জন কর্মকর্তা (নির্বাহী পরিচালক, পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক) রয়েছেন। কিন্তু বেতনকাঠামো অনুযায়ী পর্যাপ্ত আর্থিক সুবিধা না থাকায় সনদধারী হিসাববিদ নিয়োগ দিতে পারে না সংস্থাটি।
এ বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমরা বহুদিন ধরে বলছি, বিএসইসিতে পেশাদার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুবই দরকার। এটা হলে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে। বিনিয়োগকারীরা লাভবান হবে। কিন্তু সমস্যা হলো বেতনকাঠামো। কেননা, সরকারি যে বেতনকাঠামো আছে, তাতে একজন ভালো ও পেশাদার হিসাববিদ এখানে আসবেন না। তাই এসব পদে নিয়োগের জন্য উচ্চপর্যায়ের পদ সৃষ্টি করা দরকার।’
পেশাদার সিএ নিয়োগের বিষয়ে সাইফুর রহমান বলেন, সরকারি বেতনকাঠামো অনুযায়ী পেশাদার লোক পাওয়া কঠিন। কেননা, বেসরকারিভাবে তাঁরা অনেক বেশি বেতন-ভাতা পেয়ে থাকেন। এমনকি এর আগে বিএসইসিতে চাকরিরত একাধিক কর্মকর্তা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর (সনদধারী হিসাববিদ) বেশি বেতনে অন্য প্রতিষ্ঠানে চলে যান।