তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন মাসের মধ্যে আজ বুধবার সর্বনিম্ন লেনদেন হয়েছে। তবে টানা দরপতনের ধারা কাটিয়ে আজ বুধবার দিনভর পুঁজিবাজারে ছিল চাঙাভাব। দুই স্টক এক্সচেঞ্জে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে সূচকও। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৮১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে ২০৬ কেটি টাকার লেনদেন হয়। এ ছাড়া গত ১ মার্চ ৪৩১ কোটি ও ২৬ এপ্রিল ৪৪৬ কোটি টাকার লেনদেন হয়।এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, লেনদেন কম হওয়ার বিষয়টি বিশ্লেষণে না যাওয়াই ভালো। তবে বেশ কয়েক দিন পর বাজার ঘুরে দাঁড়িয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক দিক।আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮০ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচক কিছুটা নেমে আসে। এক ঘণ্টা পর আবারও দ্রুত সূচক বাড়তে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৭.৩৮ পয়েন্ট বেড়ে ৫৯৭৩.০৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২১৬টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, ডেসকো, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, এনবিএল, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ, মালেক স্পিনিং ও স্কয়ার ফার্মা।অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৯.০৪ পয়েন্ট বেড়ে ১৬৬৬১.৯৪ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬২টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে।