তিন শিল্পে সহায়তা দেবে ইউনিডো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশভিত্তিক কর্মসূচি বা কান্ট্রি প্রোগ্রামের আওতায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) বাংলাদেশের চামড়া, কৃষিভিত্তিক হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্প খাতের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে। পাশাপাশি শিল্পকারখানায় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও ইউনিডো সহায়তা দিতে আগ্রহী।

ইউনিডোর আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা সম্পর্কিত আঞ্চলিক কার্যালয়ের প্রধান রেনে ভ্যান বারকেলের নেতৃত্বে বাংলাদেশ সফররত এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত রোববার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ সহায়তার প্রস্তাব দেন।

এক বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে ইউনিডোর সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিডোর পক্ষ থেকে বাংলাদেশের চামড়া, দুগ্ধজাত খাদ্য, পশুপালন, কৃষিভিত্তিক পণ্য, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পাট, তৈরি পোশাক ও হস্তশিল্পসহ বিভিন্ন খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা জোরদার ও খাদ্যের গুণগতমান উন্নয়নে ইউনিডোর বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়।

শিল্পমন্ত্রী ইউনিডোকে বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউনিডো চামড়া, অটোমোবাইল, হালকা প্রকৌশল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তা বাড়াতে পারে। তিনি দেশভিত্তিক কর্মসূচি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের চাহিদা নিরূপণ এবং সে অনুযায়ী কর্মসূচি নিতে প্রতিনিধিদলের সদস্যদের পরামর্শ দেন।