মেঘনা, গোমতী ও শীতলক্ষ্যা নদীর ওপর নতুন তিন সেতু নির্মাণ করা হবে। বর্তমানেও নদী তিনটির ওপর সেতু রয়েছে। এগুলোর সংস্কারও করা হবে। বিদ্যমান সেতুগুলোর পাশাপাশিই নির্মাণ করা হবে নতুন সেতু। আর সেতুগুলো নির্মাণের খরচ দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। খরচ হবে প্রায় ৫ হাজার ৯৬৬ কোটি টাকা।
সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সেতুগুলো নির্মাণের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপস্থিতিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে এটিসহ মোট পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সেতুগুলো নির্মাণের কাজ পেয়েছে যৌথভাবে জাপানেরই চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে: ওবায়াশি করপোরেশন, শিমিজু করপোরেশন, জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন এবং আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস কোম্পানি লিমিটেড।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর ওপর যে সেতু নির্মাণ করা হবে, তার নাম রাখা হয়েছে দ্বিতীয় কাঁচপুর সেতু। এ সেতুর দৈর্ঘ্য হবে ৩৯৭ দশমিক ৩ মিটার। এতে ৭০৩ দশমিক ৫ মিটার দীর্ঘ সংযোগ সড়কসহ উড়ালসড়ক ও বহুমুখী সংযোগস্থলও নির্মাণ করা হবে।
এ ছাড়া মেঘনা নদীর ওপর নির্মাণ করা হবে ৯৩০ মিটার দীর্ঘ দ্বিতীয় মেঘনা সেতু। এতে ৮৭০ মিটার দীর্ঘ সংযোগ সড়ক থাকবে। আর গোমতী নদীর ওপর নির্মাণ করা হবে ১ হাজার ৪১০ মিটার দীর্ঘ দ্বিতীয় গোমতী সেতু। ১ হাজার ১০ মিটার দীর্ঘ সংযোগ সড়কও থাকবে এতে। নতুন তিন সেতুই হবে চার লেনবিশিষ্ট। প্রকল্পের মধ্যে বিদ্যমান তিন সেতুর সংস্কারের কথাও রয়েছে।
অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী জানান, বৈঠকে মিউনিসিপ্যাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় ডিজাইন, সুপারভিশন ও ম্যানেজমেন্টের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৫ কোটি ৪০ লাখ টাকা। যৌথভাবে কাজ পেয়েছে সুইডেনের হাইফার ও দেশীয় প্রতিষ্ঠান অ্যাকোয়া কনসালটেন্ট অ্যাসোসিয়েটস।
ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ৫০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। দেশীয় প্রতিষ্ঠান পোট্রন ট্রেডার্স এটা সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮৩ কোটি ২০ লাখ টাকা।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব জমিতে আনুষঙ্গিক সেবা সুবিধাসহ তিনটি বেজমেন্টবিশিষ্ট ২৫ তলা অফিস কাম-বাণিজ্যিক ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) কাজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে। কাজের প্রাথমিক চুক্তিমূল্য ৩৪ কোটি ৩৭ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫ কোটি ৭৮ লাখ টাকা।
অনুমোদিত অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৬৩ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বৈদেশিক বিনিয়োগের শর্ত শিথিল। প্রকল্পটিতে বৈদেশিক বিনিয়োগকারী জোগাড় করার জন্য দুই বছর সময় বাড়ানো হয়েছে। এটি বাস্তবায়ন করছে কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড।