তিন হাজার কোটি টাকার বিনিয়োগ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বেসরকারি ল্যান্ডফোন খাত। পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক বা পিএসটিএন সেবা প্রদানকারী ১১টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিকে গত মার্চ মাসে অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে। আর লাইসেন্স নবায়ন ফি, তরঙ্গ বরাদ্দ, সরকারের সঙ্গে লভ্যাংশ ভাগ ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আন্তসংযোগ ফিসহ বিভিন্ন কারণে ইতিমধ্যে আরও ছয়টি পিএসটিএন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় বন্ধ। এসব কারণে এ খাতের প্রায় তিন হাজার কোটি টাকার দেশীয় বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। দুর্ভোগে পড়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ পিএসটিএন গ্রাহকও। জানা গেছে, পিএসটিএন খাতে বিনিয়োগ করা তিন হাজার কোটি টাকার বেশির ভাগ ব্যয় হয়েছে বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রসামগ্রী সংগ্রহের কাজে।আন্তসংযোগ ফি: পিএসটিএন অপারেটরদের সংগঠন অ্যাপব সূত্রে জানা গেছে, ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে পিএসটিএন অপারেটরদের কিছু কিছু সমস্যা সমাধান করায় বিভিন্ন প্রতিষ্ঠান এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। তবে তাদের প্রধান দাবি ‘আন্তসংযোগ ফি’ কমেনি। যখন মুঠোফোনের কলরেট ছিল মিনিটে সাত টাকা, তখন মোবাইল ও পিএসটিএন অপারেটরদের আন্তসংযোগ ফি ছিল ৯০ পয়সা। আর এখন মুঠোফোনের কলরেট ২৫-৩০ পয়সায় নেমে এলেও মোবাইল অপারেটররা পিএসটিএনের কাছ থেকে প্রতি মিনিট ৪০ পয়সা করে আন্তসংযোগ ফি নিচ্ছে।জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া র‌্যাংকসটেল শুরু থেকে এ পর্যন্ত মোবাইল ফোন কোম্পানিগুলোকে আন্তসংযোগ ফি দিয়েছে প্রায় ১০০ কোটি টাকা। অন্যরা দীর্ঘদিন ধরে এই আন্তসংযোগ ফি দিতে না পারায় বিটিআরসির কাছে বার বার সময়ও নিয়েছে। পাশাপাশি পিএসটিএন খাতের পুনরুজ্জীবন না হওয়া পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার (রোল আউট) বাধ্যবাধকতা স্থগিত এবং এ জন্য আগে কেটে রাখা অর্থ ফেরত দেওয়ারও দাবি রয়েছে তাদের। দাবি রয়েছে এই খাতকে শিল্প খাত ঘোষণা করে মূলধনী যন্ত্রপাতির ওপর শূন্য শুল্ক নির্ধারণ ও পাঁচ বছর কর অবকাশ দেওয়ার। কিন্তু কোনো সরকারই এসব দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি।পিএসটিএন কোম্পানিগুলোর আরও অভিযোগ, দেশীয় এসব প্রতিষ্ঠানকে ‘অভিন্ন লাইসেন্স’ দেওয়ার মাধ্যমে ল্যান্ডফোনসহ সব ধরনের টেলিফোন সেবার সুযোগ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন সরকার। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। পিএসটিএন লাইসেন্সের আওতায় থ্রি/ফোর জি সেবার অনুমতি প্রদান, আন্তসংযোগের ক্ষেত্রে ‘সেন্ডার কিপ অল’ সূত্র অনুসরণ এবং ইতিপূর্বে এ বাবদ পিএসটিএন অপারেটরদের প্রদত্ত সব অর্থ ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিটিআরসির চেয়ারম্যান। তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আরও পিএসটিএন লাইসেন্স দেওয়া হবে। তখন এসব বিষয় নিয়ে নতুন নীতিমালাও তৈরি করা হবে।’ অথচ প্রথম দিকে কয়েকটি কোম্পানি লাইসেন্স পাওয়ার পরই বিভিন্ন আইনি জটিলতায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। তারা বাধ্য হয় লাইসেন্স ফেরত দিতে। বন্ধ পাঁচ প্রতিষ্ঠান: অবৈধভাবে বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়। ১৫ মার্চ ঢাকাফোন, ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল, ১৯ মার্চ র‌্যাংকসটেল, ২১ মার্চ পিপলসটেল ও ২৩ মার্চ পিপলসটেলের সুইচরুম সিলগালা করে দেওয়া হয়। এই পাঁচ অপারেটরের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে দাবি করেছেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তবে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অনন্য রায়হান বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে। কিন্তু লাইসেন্স বাতিল হয়নি। পিএসটিএনের বেলায় তাহলে এমনটি কেন হলো? সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এক দেশে দুই নীতি চলতে পারে না। সরকারের উচিত, এসব বিষয়ে স্পষ্ট নীতিমালা তৈরি করা।’আর আদালতের রায়ে বন্ধ প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘আদালত র‌্যাংকসটেলের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা এখনো আমরা হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা মেনে চলা হবে। একই সঙ্গে আদালতের কাছে প্রয়োজনীয় তথ্যাদিও উপস্থাপন করা হবে।’প্রসঙ্গত, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পিএসটিএন প্রতিষ্ঠানগুলো ঢাকায় টেলিযোগাযোগ সেবা পরিচালনার অনুমতি পায়। এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তারা শুধু ঢাকার বাইরে টেলিযোগাযোগ সেবা দেওয়ার অনুমতি পেয়েছিল। ফলে কোনোভাবেই ব্যবসায় সুবিধা করতে পারছিল না। এদিকে পিএসটিএন অপারেটরদের সংগঠন অ্যাপব বলেছে, লাইসেন্স বাতিল করে দেওয়া কোম্পানিগুলো আইনি লড়াই চালিয়ে যাবে। কারণ পাঁচটি অপারেটরের লাইসেন্স বাতিল করে দেওয়ায় প্রায় দুই হাজার কোটি টাকার দেশি বিনিয়োগ সংকটের মুখে পড়েছে। বিপন্ন হয়েছে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি। অ্যাপব সূত্রে জানা গেছে, এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছিল র‌্যাংকসটেল। ৫০০ কোটি টাকার বেশি। আর পিপলসটেলের বিনিয়োগ ছিল প্রায় ২৫০ কোটি টাকা। গ্রাহক হয়রানি: পিএসটিএনের গ্রাহক এখন নেই বললেই চলে। বিটিআরসির হিসাব অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া কোম্পানি র‌্যাংকসটেলের তিন লাখ গ্রাহক, ঢাকাফোনের ৭৫ হাজার ৪০৬, পিপলসটেলের এক লাখ ৫২ হাজার, ওয়ানটেলের ৪০ হাজার, ন্যাশনাল ফোনের এক লাখ ৩৭ হাজার গ্রাহক ছিল। বর্তমানে টেলিবার্তার গ্রাহকসংখ্যা প্রায় ৬০ হাজার, এস এ টেলিকমের ১৮ হাজার, সেবা ফোনের ১২ হাজার, জালালাবাদ টেলিকমের ১১ হাজার, বাংলাফোনের ২৬টি, ওয়াল্ডটেলের ১৫ হাজার ও ওয়েস্টিকের ১৭ হাজার গ্রাহক রয়েছে। তাদের বেশির ভাগ হাসপাতাল, ব্যাংক বা বিমা প্রতিষ্ঠান। হঠাৎ করে একসঙ্গে পাঁচটি পিএসটিএন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন এসব গ্রাহক। নাম প্রকাশে অনিচ্ছুক জাপান-বাংলাদেশ হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, তিন মাস ধরে সরকারি ফোন কোম্পানি বিটিসিএলে চেষ্টা করেও প্রয়োজনীয় ‘ই-ওয়ান’ (৩০/৬০ সংযোগবিশিষ্ট সার্কিট) এখনো পাওয়া যায়নি। কিন্তু এই একই সেবা তারা র‌্যাংকসটেলের কাছ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পেয়েছিলেন।