
লোকবলসংকটের কারণে প্রায় মুখ থুবড়ে পড়ার দশায় রয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। প্রতিষ্ঠানটিতে অনুমোদিত জনবলের বিপরীতে প্রায় দুই হাজার পদ এখন শূন্য। যে কারণে জোড়াতালি দিয়ে চলছে দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানার উৎপাদন কার্যক্রম।
সে জন্য শূন্যপদে জনবল নিয়োগের দাবিতে আন্দোলনে নামছে সরকার–সমর্থিত শ্রমিক লীগসহ রেলওয়ে কারখানাটির ট্রেড ইউনিয়নগুলো। এরই অংশ হিসেবে গতকাল বুধবার তারা এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী বেলা সাড়ে ১১টায় মধ্যাহ্নভোজের সিটি বা বাঁশি বাজতেই শ্রমিক-কর্মচারীরা বেরিয়ে আসেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে যোগ দেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং অনেক সাধারণ মানুষ। ফলে কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে মানববন্ধনটি রেলওয়ে স্টেশন পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ হয়। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার লোকের এই মানববন্ধনের দৈর্ঘ্য দাঁড়ায় পাঁচ কিলোমিটারের মতো।
মানববন্ধন থেকে জানানো হয়, নতুন নিয়োগ দেওয়া না হলে শিগগিরই ঢাকায় রেলভবন ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় অনুমোদিত ৩ হাজার ১৭১ জনবলের বিপরীতে বর্তমানে ২৮টি উপকারখানায় (শপ) কর্মরত আছেন ১ হাজার ২০৪ জন শ্রমিক-কর্মচারী। অর্থাৎ বর্তমানে জনবল ঘাটতি আছে ১ হাজার ৯৬৭ জন। তার ওপর আগামী ২০১৮ সালে ৮০ ও ২০১৯ সালে ৯২ জন শ্রমিক-কর্মচারী অবসরে যাবেন।
জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রশাসন শাখার জুনিয়র পার্সোনেল কর্মকর্তা (জেপিও) আবদুস সালাম প্রথম আলোকে জানান, জনবল সংকোচন নীতির আওতায় ১৯৯১ সাল থেকে রেলওয়েতে সব ধরনের নিয়োগ বন্ধ রয়েছে। তখন সোনালি করমর্দন (গোল্ডেন হ্যান্ডশেক) কর্মসূচির আওতায় রেলওয়ের বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীকে অবসরে পাঠানো হয়।
এ ছাড়া পুরোনো শ্রমিক-কর্মচারীরা অবসরে যাওয়ার পরে তাঁদের জায়গায়ও নতুন লোক নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরেই চলছে এ প্রবণতা।
জানা গেছে, ১৮৭০ সালে ১১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই রেলওয়ে কারখানায় একসময়ে ১০ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন; যা কমে এখন ১০ ভাগের ১ ভাগে নেমে এসেছে।
বর্তমানে কর্মরত প্রকৌশলী ও শ্রমিকদের মতে, অতীতে এ কারখানায় নতুন রেলকোচও নির্মাণ করা হতো। তবে জনবলসংকটের মধ্যেও বর্তমানে মাসে গড়ে ২৬টি কোচ ও ২৫টি মালবাহী ওয়াগন মেরামত হয়ে থাকে। এ ছাড়া প্রায় ১ হাজার ২০০ রকমের যন্ত্রাংশও তৈরি হয় এখানে।
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক শেখ রোবায়তুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার রেলবান্ধব। তাই এ খাতের উন্নয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জনবল নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু নানাবিধ আইনি জটিলতার কারণে আশানুরূপ হারে নিয়োগ হচ্ছে না। ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবলসংকট তীব্র হচ্ছে।
এদিকে দাবি মানা না হলে নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সম্পাদক ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। তিনি বলেন, দ্রুত লোকবল নিয়োগ করা না হলে অচল হয়ে পড়বে কারখানাটি। ফলে মুখ থুবড়ে পড়বে এর উৎপাদন কার্যক্রম।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, রেলওয়ের জ্যেষ্ঠ কর্মীরা যেভাবে অবসরে যাচ্ছেন, তাতে নতুনদের হাতেকলমে কাজ শেখার সুযোগ কমে আসছে। সে জন্য তিনি নতুন লোকবল নিয়োগ সমর্থন করেন।