তিনটি আন্তর্জাতিক মেলা শুরু বুধবার
তৈরি পোশাকশিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে সপ্তমবারের মতো পোশাক খাতের সহায়ক পণ্য বা গার্মেন্টস অ্যাকসেসরিজ এবং মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের সপ্তম গ্যাপেক্সপো মেলা শুরু হচ্ছে আগামী বুধবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গ্যাপেক্সপোর পাশাপাশি একই জায়গায় ১৫তম ‘গার্মেন্টেক’ ও সপ্তম ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ শীর্ষক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী অনুষ্ঠেয় এসব আন্তর্জাতিক মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ৩০টি দেশের প্রায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে।
স্থানীয় জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং ভারতীয় প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন সম্মিলিতভাবে মেলাগুলোর আয়োজন করছে।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক নন্দ গোপাল কে, জাকারিয়া ট্রেডের প্রধান নির্বাহী টিপু সুলতান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করবে।
মেলা তিনটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।