প্রস্তাবিত তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা করা হলে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়বে। অর্থনীতিতে আরও গতি আসবে। একই সঙ্গে নতুন করে আট লাখ লোকের কর্মসংস্থান হবে।
এই তিনটি এসইজেড হবে চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারা এবং মৌলভীবাজারের শেরপুরে। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এসইজেড তিনটির ওপর পরিচালিত সমীক্ষার একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
বেজার নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান।
এসইজেড তিনটির সমীক্ষা প্রতিবেদনটি তুলে ধরেন সমীক্ষা দলের প্রধান এস কোবাইশি।
অনুষ্ঠানে জানানো হয়, তিনটি এসইজেড প্রতিষ্ঠার মাধ্যমে আটটি খাতের শিল্পকারখানা চালু করা সম্ভব হবে। ২০১৬ সালের মধ্যে কাজ শুরু হলে বিভিন্ন মেয়াদে এসব এসইজেডের কাজ শেষ হবে। এর মধ্যে শেরপুর এসইজেড ২০১৯ সাল, আনোয়ারা ২০২০ এবং মিরসরাই ২০২৫ সালের মধ্যে শেষ হবে। এখানে প্রতি বর্গমিটার জমির দাম পড়বে ৮০ থেকে ১১০ ডলার।
মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এ অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির জন্য অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বেজার প্রকল্প পরিচালক নুরুন্নবী মৃধা বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। নানা সমস্যার কারণে দেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ হচ্ছে না।