অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক্-বাজেট বৈঠক
তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি চান সংসদীয় কমিটির সভাপতিরা
জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতিরা অর্থমন্ত্রীর কাছে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অন্তত তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি চেয়েছেন।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল রোববার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক্-বাজেট বৈঠকে সংসদীয় কমিটির সভাপতিরা এমন দাবি জানান। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আলোচনায় প্রায় সবাই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যাপারে কথা বলেছেন। যেহেতু নির্বাচনের এক বছর বাকি আছে তাই তাঁরা বলেছেন, অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে যেন এমপিওভুক্ত করা হয়।
আগামী বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যাপারে কিছু থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশেষ কিছু করতে পারব না। তবে এমপিওভুক্তি তো এখনো চলছে। বরাদ্দও তো কখনো বাদ দিইনি।’ এমপিওভুক্ত শিক্ষকেরা বৈশাখী ভাতা পান না এমন অভিযোগের বিষয়ে বলেন, ‘তাই নাকি? জানি না তো। পাওয়ার তো কথা। পাবেন না কেন?’
অর্থমন্ত্রী বলেন, আলোচনায় সবাই বলেছেন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা উচিত। সারা দেশে উন্নতি হয়েছে, কিন্তু অবহেলিত জায়গাও আছে।
অর্থমন্ত্রী জানান, ‘সাংসদ শওকত আলী বলেছেন, কিছুদিন আগে একজন প্রকৌশলী আমার কাছে এলেন এ কথা বলতে যে একটি খাল খনন করতে হবে। আসলে পরে খোঁজ নিয়ে দেখলাম, সেখানে খালও নেই, নদীও নেই। পানি উন্নয়ন বোর্ডের এ রকম অনেক প্রকল্প আছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতিরা। তাঁরা হলেন আবুল কালাম আজাদ, মইন উদ্দীন খান বাদল, জিল্লুল হাকিম, আবদুর রব, সুবিদ আলী ভুঁইয়া, গোলাম দস্তগীর গাজী, আ ফ ম রুহুল হক প্রমুখ।