তিনটি তদন্ত কমিটি গঠন করেছে এসইসি
ইনসাইডার ট্রেডিংসহ পৃথক তিনটি ঘটনা তদন্তে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ রোববার এ তদন্ত কমিটি গঠনের সংবাদ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এসইসি সূত্রে জানা যায়, ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল আহসানের স্ত্রী আমেনা বেগমের শেয়ার হস্তান্তর-সম্পর্কিত বিষয় তদন্ত করতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন এসইসির পরিচালক মাহমুদুল হক ও উপপরিচালক ইউসুফ ভূঁইয়া।একই সঙ্গে ইউসিবিএলের পরিচালক নুরুল ইসলাম চৌধুরীর স্ত্রী আফরোজা ইসলামের ইনসাইডার ট্রেডিং-সম্পর্কিত বিষয় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন এসইসির পরিচালক প্রদীপ কুমার বসাক, উপপরিচালক মো. জিয়াউর রহমান ও সহকারী পরিচালক মো. ইকবাল হাসান।অন্যদিকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. আবদুস সালামের কাগুজে শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের বিষয়ে অনিয়ম তদন্তে আরেকটি কমিটি গঠন করেছে কমিশন। এই কমিটির সদস্যরা হলেন এসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমান ও উপপরিচালক আবু রায়হান মোহাম্মাদ মুতাসিম বিল্লাহ।সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ১৭ক ধারা বলে এই তদন্ত কমিটি গঠন করা হয়।