তিনটি প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তাবেষ্টনী, উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ এবং খাদ্য গুদাম নির্মাণ।সচিবালয়ে গতকাল সোমবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নের কথা ছিল ১২০ কোটি ডলার। কাকতালীয় হলেও অঙ্কটি মিলে গেছে।আগামী জুন মাসে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের পর্ষদ সভায় এই ঋণ অনুমোদন হতে পারে জানিয়ে অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অর্থবছর শেষ হয় জুনে। সে ক্ষেত্রে বিশ্বব্যাংকের পর্ষদ সভা হতে পারে জুনের ১০, ১৭ বা ২৪ তারিখে। অর্থাৎ তাদের প্রস্তুতির ওপর নির্ভর করছে।অর্থমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৫০ কোটি ডলার, উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণে ৪০ কোটি ডলার এবং খাদ্য গুদাম নির্মাণে বিশ্বব্যাংক অর্থায়ন করবে ৩০ কোটি ডলার।জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা মেহেরীন মাহবুব প্রথম আলোকে জানান, উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণবিষয়ক প্রকল্পে অর্থায়নের দর-কষাকষি আগেই হয়েছে। আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি নিষ্পত্তি হয়েছে গত বুধবার। খাদ্য গুদামেরটা এ দফায় না হলেও পরে হতে পারে।চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তার বাংলাদেশ সফরের কথা ছিল জানিয়ে অর্থমন্ত্রী জানান, দুর্ভাগ্যজনকভাবে হেফাজতে ইসলামের কারণে তিনি আসতে পারেননি।এডিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও জানান, পুঁজিবাজারের উন্নয়নবিষয়ক প্রকল্প, পানি সরবরাহ, মাধ্যমিক শিক্ষা ইত্যাদি খাতে এডিবির কিছু প্রকল্প, কিছু শর্ত রয়েছে; যা পূরণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।আগামী অর্থবছরের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে অনেক কথাই তো বলে ফেলেছি। তবে আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থাকবে ৭৪ থেকে ৭৫ হাজার কোটি টাকার।’ রেল খাত নিয়ে মহাপরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে তার প্রতিফলন থাকবে। এ ছাড়া পরীক্ষামূলকভাবে জেলা বাজেট হবে বলে তিনি উল্লেখ করেন।