তিনটি বাদে সব শেয়ারের অভিহিত মূল্য এখন ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ রোববার থেকে তিনটি বাদে তালিকাভুক্ত সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকায় পরিণত হচ্ছে। যে তিনটি কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তন হচ্ছে না সেগুলো হচ্ছে: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং জনতা ইনস্যুরেন্স। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মৌখিক নির্দেশনায় এই তিন কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য আপাতত ১০০ টাকাই থাকছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এগুলোর অভিহিত মূল্যও ১০ টাকায় পরিবর্তিত হবে। তিনটি কোম্পানি বাদ দিলে অন্য সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের অভিন্ন অভিহিত মূল্য দেশের শেয়ারবাজারে নতুন ঘটনা। এর আগে গত বছর অভিহিত মূল্য পরিবর্তনকে কারসাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে ‘অভিহিত মূল্য পরিবর্তনের’ বিষয়টি বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। বাজারধসের পর কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনেও বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি কমিটি, সব শেয়ারের অভিহিত মূল্য এক ও অভিন্ন করার সুপারিশ করে।তারই পরিপ্রেক্ষিতে এসইসি চলতি বছরের ১৫ সেপ্টেম্বর এক ও অভিন্ন অভিহিত মূল্যসংক্রান্ত নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, তালিকাভুক্ত যেসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, সেসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডকে ৩০ নভেম্বরের মধ্যে অভিহিত মূল্য পরিবর্তনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। ৪ ডিসেম্বর থেকে অভিন্ন অভিহিত মূল্যে বাজারে সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হবে। এসইসির ওই নির্দেশনায় অভিহিত মূল্য পরিবর্তনের জন্য মালিকানা নির্ধারণী তারিখ বা রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১ ডিসেম্বর। নির্ধারিত রেকর্ড ডেটের কারণে ১ ডিসেম্বর তালিকাভুক্ত ১৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ ছিল। এদের মধ্যে উল্লিখিত তিনটি কোম্পানি শেষ পর্যন্ত ১০০ টাকাতেই লেনদেনের অনুমতি পেয়েছে। সেই হিসেবে আজ থেকে ১৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তিত হচ্ছে। সাপ্তাহিক বাজারচিত্র: এদিকে গত সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ৫৪ শতাংশ কমে গেছে। ডিএসইর সাধারণ সূচকও প্রায় আড়াই শতাংশ বা ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৭ পয়েন্টে। এদিকে গত সপ্তাহে লেনদেন কমার জন্য সপ্তাহের প্রায় পুরোটা সময়জুড়ে শতাধিক কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের নগদ টাকার বাজার বা স্পট মার্কেটের লেনদেনকে দায়ী করেন বাজারসংশ্লিষ্টরা। এর মধ্যে একদিন এসব কোম্পানির লেনদেনই বন্ধ ছিল। এসব কারণে সপ্তাহ শেষে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় এক হাজার ৫৫৪ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ৫৪ শতাংশ কম। একই সঙ্গে ডিএসইতে দৈনিক গড় লেনদেন নেমে এসেছে প্রায় ৩১১ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ৬৭৬ কোটি টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর অধিকাংশেরই দরপতন ঘটেছে। গত সপ্তাহে ডিএসইতে মোট ২৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২১৪টিরই দাম কমেছে, বেড়েছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। সপ্তাহ শেষে ডিএসইর মূল্য আয় (পিই) অনুপাতের গড় নেমে এসেছে ১৩ দশমিক ৬৫-এ। আগের সপ্তাহে এটি ছিল ১৪ দশমিক ২০-এ।