তিনটি বাড়তি ফ্লাইট চালাচ্ছে চায়না ইস্টার্ন
ঢাকা ও চীনের মধ্যে যাতায়াতকারী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইটসংখ্যা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে সপ্তাহের প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার কুনমিং-ঢাকা-কুনমিং পথে দিনে অতিরিক্ত তিনটি ফ্লাইট চলছে।গত মঙ্গলবার থেকে অতিরিক্ত এই ফ্লাইট চালু করা হয়েছে। চায়না ইস্টার্ন এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর বাইরে এই পথে রাতের বেলার আগের ফ্লাইটের সময়সীমা ও সংখ্যা অপরিবর্তিত থাকবে। এখন থেকে প্রতি সপ্তাহে ঢাকা-কুনমিং-ঢাকার পথে বিমান সংস্থাটির মোট ১০টি ফ্লাইট পরিচালিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে তিন দিন দিনেরবেলায় পরিচালিত অতিরিক্ত তিনটি ফ্লাইট কুনমিং থেকে সকাল ১০টায় ছেড়ে আসবে আর ঢাকায় পৌঁছাবে বেলা দুইটায়। ঢাকা থেকে বেলা তিনটায় ছেড়ে যাওয়া বিমান কুনমিং পৌঁছাবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। আগে এলে আগে পাবেন ভিত্তিতে অতিরিক্ত এই ফ্লাইটের আসন বরাদ্দ পাবেন যাত্রীরা।