তিনটি সীমান্তপথে চীন থেকে শুল্কমুক্ত পণ্য আসবে ভারতে
বিশেষ অনুমতিপত্রধারী ভারতীয় ব্যবসায়ীরা চীন থেকে বিনা শুল্কে তৈরি পোশাক ও পাদুকা এখন তিনটি সীমান্ত পথ দিয়ে আনতে পারবেন। ভারতীয় বিদেশি বাণিজ্যের মহাপরিচালকের অধিদপ্তর (ডিজিএফটি) ইতিমধ্যে এসব স্থলবন্দর দিয়ে শুল্কমুক্তভাবে কোন কোন পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে, তার তালিকা সংশোধন করেছে।যে তিনটি স্থলপথ নাথু লা (সিকিম), গুনজি (উত্তরাখন্ড) ও নামগায়া শিপকিলা (হিমাচল প্রদেশ)। তবে এ তিনটি পথ দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে কোনো ধরনের গুণগত রক্ষাকবচ আরোপ করা হয়নি বলে ভারতীয় পণ্য প্রস্তুতকারকেরা অভিযোগ করেছেন। বরং এর ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও উত্তর প্রদেশের বাজারগুলোয় সস্তা চীনা পণ্য ছেয়ে যেতে পারে। কেননা, উল্লিখিত তিনটি সীমান্ত এলাকা এ তিন রাজ্যসংলগ্ন।সীমান্ত বাণিজ্যে বর্তমানে প্রতিদিন একজন ব্যবসায়ী সর্বোচ্চ এক লাখ রুপির আমদানি-রপ্তানি করতে পারেন।এক দশক আগে নামগায়া শিপকিল ও গুনজি দিয়ে চীনের সঙ্গে ভারতের সীমান্ত বাণিজ্য শুরু হলেও ২০০৬ সালের ৪ জুন নাথু লা দিয়ে বাণিজ্য শুরু হওয়ার পর সীমান্ত বাণিজ্যে গতিময়তা আসে। সিকিম-তিব্বত সীমান্তের নাথু লা গিরিপথটি প্রাচীন সিল্করুটের সঙ্গে সম্পৃক্ত।বর্তমানে চীন-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের ৯০ শতাংশই সম্পন্ন হয় সমুদ্রপথে। অন্যদিকে স্থলপথে মোট বাণিজ্যের ৮০ শতাংশই সম্পন্ন হচ্ছে নাথু লা দিয়ে।চীন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য গতবছর সাত হাজার ৩৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। তার আগের বছর অর্থাৎ ২০১০ সালে এর পরিমাণ ছিল ছয় হাজার ১৭০ কোটি ডলার। এই ধারায় চলতে থাকলে আগামী বছর অর্থাৎ ২০১৩ সালে চীন-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিজনেস লাইন