তিরিশে নেমে এল তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। এবার প্রতি ব্যারেল ৩০ ডলারের নিচে নেমে এসেছে।
জ্বালানি তেলের প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে গত বুধবার একপর্যায়ে ২৯ ডলার ৯৬ সেন্টে নেমে গিয়েছিল। এটি ২০০৪ সালের এপ্রিলের পরে পণ্যটির সর্বনিম্ন দাম। দিন শেষে অবশ্য তা বেড়ে ৩০ ডলার ২২ সেন্টে ওঠে। গত ১৫ মাসে তেলের দাম ৭০ শতাংশ কমেছে।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের একটি বক্তব্যে বুধবার তেলের দাম কমে। তিনি বলেছিলেন, তেলের দাম কমার কারণে রাশিয়া চলতি ২০১৬ সালের বাজেট সংশোধন করতে বাধ্য হবে। তাঁর মতে, তেলের দাম কমতে থাকলে রাশিয়াকে আরও খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে।
দিমিত্রি মেদভেদেভের বক্তব্য অবশ্য বেশ যৌক্তিকও বটে। কারণ, তাঁর দেশের মোট রাজস্ব আয়ের প্রায় অর্ধেকই আসে তেল ও গ্যাস খাত থেকে পাওয়া করের মাধ্যমে। গত ২০১৫ সালের অক্টোবরে রাশিয়ার চলতি অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের সময়ে প্রতি ব্যারেল জ্বালানি তেল ৫০ মার্কিন ডলারে রপ্তানি হবে—এমনটাই হিসাব করা হয়েছিল। তেলের দামের ওই হিসাবকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য অবাস্তব বলে আখ্যায়িত করেছিলেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ সরকারের বিভিন্ন বিভাগকে ব্যয় ১০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রায় ৭০ হাজার কোটি রুবল বা ৯১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে।
অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেন, রাশিয়ার বাজেটে তখনই ভারসাম্য আসবে, যখন প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৮২ ডলারে উঠবে। তিনি ২০১৬ অর্থবছরের বাজেট সংশোধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নতুন বাস্তবতার আলোকেই আমাদের বাজেট বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’
রাশিয়ায় মূল্যস্ফীতি বেড়ে ইতিমধ্যে ১৫ শতাংশে উঠে গেছে। এই অবস্থায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক অবশ্য আশা করছে, তা আগামী বছরে ৪ শতাংশে নেমে আসবে। সূত্র: বিবিসি