তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের আইপিও অনুমোদন
তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং নামের বস্ত্র খাতের নতুন আরেকটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির ৫১০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তুং হাই নিটিং কোম্পানিটি আইপিওতে সাড়ে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৫ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে বা ফেসভ্যালুতে বিক্রি করা হবে। সংগৃহীত টাকা কোম্পানিটি চলতি মূলধন, যন্ত্রপাতি ক্রয় ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে। কোম্পানিটি আইপিও আবেদনের সঙ্গে ২০১২ সালে শেষ হওয়া আর্থিক বছরের যে প্রতিবেদন দাখিল করেছে, তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দেখানো হয়েছে ১৩ টাকা ৭৩ পয়সা।
তুং হাই নিটিংয়ের শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল।