আমদানি করা পণ্যের ওপর ‘সেফগার্ড ডিউটি’ বা ‘সুরক্ষামূলক শুল্ক’ আরোপ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে তুরস্ক। এ ধরনের শুল্ক আরোপ করায় তুরস্কের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি অনেকটা কমে যাওয়ার আশঙ্কা করছেন এ খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে তাঁরা হঠাৎ এ ধরনের শুল্ক আরোপ করার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।জানা গেছে, সুরক্ষামূলক শুল্কের হার হবে ২৭ থেকে ৪০ শতাংশ। তবে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য এ শুল্ক হার হবে ২৭ শতাংশ। আর উন্নত দেশগুলোর জন্য এ শুল্ক হার হবে ৩৭ থেকে ৪০ শতাংশ।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, এ ধরনের শুল্ক আরোপ করা হলে তা তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, এ শুল্ক আরোপের ফলে তুরস্কের স্থানীয় পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না।বিজিএমইএর সভাপতি আরও জানান, ইতিমধ্যে বিজিএমইএ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছে। শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সালাম মুর্শেদীর মতে, বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ওপর সুরক্ষামূলক শুল্ক আরোপ করার সিদ্ধান্ত আসলে তুরস্কের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তার ব্যত্যয়। গত নভেম্বরে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে বলেন, আগামী ২০১৫ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ৩০০ কোটি ডলার।অন্যদিকে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ইউএনবিকে জানিয়েছেন, সুরক্ষামূলক শুল্ক বসানোর বিষয়ে তুরস্ক সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাওয়া যায়নি। তার পরও তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দুই দফা কথা হয়েছে। তাঁকে তিনি বাংলাদেশকে এলডিসি হিসেবে না দেখে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিশেষ বিবেচনায় শুল্ক ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন।আর বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তুরস্কের বাণিজ্যমন্ত্রীকে এ-ও জানিয়েছেন, বাংলাদেশি পণ্যের ওপর ২৭ শতাংশ হারে এই শুল্ক আরোপ করা ঠিক সিদ্ধান্ত হবে না।জানা গেছে, গত বছর বাংলাদেশ থেকে তুরস্কে ৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। তুরস্কের মেভি জিনস, আলকান টেক্স, মেভি, আকিন টেক্সটাইল, তিমা, কলিজিওন, কোসন জিনস, কলিনস ও ডিফ্যাক্টর প্রভৃতি কোম্পানি এসব পোশাক আমদানি করেছে। এসব কোম্পানি ইতিমধ্যে চলতি জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬০-৬৫ কোটি ডলারের পণ্য নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে।তবে তুরস্ক যদি শেষ পর্যন্ত সুরক্ষামূলক শুল্ক আরোপ করে, তাহলে এ রপ্তানির পরিমাণ কমে যেতে পারে।