তুরস্কে মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা
তুরস্কে পণ্য রপ্তানিতে বর্তমানে ১৭ শতাংশ শুল্ক বাড়তি খরচ করতে হয় বাংলাদেশি রপ্তানিকারকদের। অথচ তিন বছর আগেও শুল্ক ছাড়াই পণ্য রপ্তানি করা যেত দেশটিতে। তাই আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইছে বাংলাদেশ। এ জন্য তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ইতিমধ্যে চুক্তির একটি খসড়াও তৈরি করা হয়েছে। তারই অংশ হিসেবে আলোচনার জন্য গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজকুমার রায়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তুরস্কে গিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৩ সালে (জানুয়ারি-ডিসেম্বর) বাংলাদেশের সঙ্গে তুরস্কের ১২০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে তুরস্কে বাংলাদেশ রপ্তানি করেছে ৮০ কোটি ৯০ লাখ ডলারের পণ্য। একই সময়ে ১৯ কোটি ৬০ লাখ ডলারের পণ্য তুরস্ক থেকে আমদানি হয়েছে।
তুরস্কে রপ্তানি পণ্যের মধ্যে ৮০ শতাংশই তৈরি পোশাক। কিন্তু দেশটিতে এই পণ্য রপ্তানিতে ১৭ শতাংশ শুল্ক দিতে হচ্ছে বাংলাদেশি রপ্তানিকারকদের। তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের পাটের সুতা (ইয়ার্ন) এবং সিরামিক পণ্যের চাহিদা রয়েছে দেশটিতে। আর তুরস্ক থেকে লোহা, স্টিল, যন্ত্রপাতি ইত্যাদি পণ্য আমদানি করে বাংলাদেশ।
বর্তমানে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে। ১৯৭৬ সালে প্রথম দেশটির সঙ্গে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়, যা এখনো বলবৎ আছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এফটিএ করার প্রধান কারণ হতে পারে যে তুরস্কের পক্ষ থেকে বিদ্যমান ১৭ শতাংশ শুল্ক প্রত্যাহার করা। হিসাব করে দেখা গেছে, এই শুল্ক প্রত্যাহার হলে বছরে ১৩-১৪ কোটি ডলার বেঁচে যায় বাংলাদেশের।
একটি স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ তুরস্কে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছিল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়মনীতি অনুসরণ করা তুরস্ক বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়ে এলেও ২০১১ সালের সেপ্টেম্বরে দেশটি হঠাৎ বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারে ১৭ শতাংশ শুল্কারোপ করে। তুরস্ক এখনো ইইউর সদস্য নয়।
মনোজকুমার রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে তুরস্কে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়।’
কোন বিবেচনায় তুরস্ক এতে রাজি হতে পারে, জানতে চাইলে মনোজকুমার বলেন, এতে তুরস্কের জনগণই লাভবান হবেন। কম দামে পণ্য কিনতে পারবেন তাঁরা। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে তুরস্ক, সেসব পণ্য উৎপাদনে তারা কম মনোযোগ দেবে। শুল্ক প্রত্যাহার করে জনগণ তথা ভোক্তাশ্রেণিকে কম দামে পণ্য পেতে সহায়তা করবে। তাদের দিক থেকে এফটিএ করার যুক্তি হতে পারে এটাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে তুরস্ক সফর করে সে দেশের সরকারকে বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষরের প্রস্তাব করেছিলেন। তার পর থেকে উভয় দেশের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। বাংলাদেশ ট্যারিফ কমিশন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তুরস্কের সঙ্গে এফটিএ করতে পারলে বাংলাদেশ লাভবান হবে বলে মত দিয়েছে।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ইইউর সদস্য না হওয়ার সুযোগ নিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাড়তি শুল্কারোপ করে তুরস্ক। বাংলাদেশের উচিত হবে দর-কষাকষি করে শুল্ক প্রত্যাহারে দেশটিকে রাজি করানো।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তুরস্ক থেকে শূন্য শুল্ক আশা করলে তাদেরও একই সুবিধা দিতে হতে পারে। তবে ইউরেশিয়ার দেশ হওয়ায় তুরস্ক একটি বড় আন্তর্জাতিক বাজার। এফটিএ করতে পারলে অবশ্যই দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি অনেক বাড়বে।