তুরস্কের সঙ্গে এফটিএ হবে : তোফায়েল

তুরস্কের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত বাণিজ্যসচিব (এফটিএ) মনোজ কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এফটিএ হলে তুরস্কে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা পাওয়া যাবে। তুরস্কের বাজারে পণ্য রপ্তানিতে উৎস বিধিও (রুলস অব অরিজিন) শিথিল চান বলে তিনি জানান।
তুরস্কের সঙ্গে ১২০ কোটি ডলারের বাণিজ্য রয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘এর মধ্যে ৮০ কোটি ডলারের পণ্যই আমরা রপ্তানি করি। তবে দেশটিতে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। দুই দেশের বাণিজ্য অন্তত ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ১৮টি দেশের সঙ্গে তুরস্কের এফটিএ রয়েছে, বাংলাদেশের সঙ্গে না থাকার কোনো কারণ নেই।
কিছুদিনের মধ্যে তুরস্কে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশটির উপপ্রধানমন্ত্রী এতে নেতৃত্ব দেবেন। আর বাংলাদেশ থেকে যোগ দেবে অর্থমন্ত্রী অথবা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন একটি দল।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কয়েকজনের ফাঁসির ব্যাপারে তুরস্ক বিরোধিতা করে আসছে—এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি রাষ্ট্রদূতকে বলেছি যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। যুদ্ধে ৩০ লাখ লোক জীবন দিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন দুই লাখ মা-বোন। তৎকালীন পাকিস্তান সরকারের এসব অত্যাচারের কথা আমি রাষ্ট্রদূতকে জানিয়েছি।’
আর এ কারণে স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধীদের বিচার করতে সরকার বাধ্য হয়েছে বলেও রাষ্ট্রদূতকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিচারে ফাঁসির হুকুম হয়েছে এবং দণ্ড কার্যকর হয়েছে। এ বিচার যে আমরা করবই, তা-ও আমি রাষ্ট্রদূতকে জানিয়েছি।’