তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য শত কোটি ডলার করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুত ১০০ কোটি ডলারে উন্নীত করার ওপর তাগিদ দেওয়া হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য মাত্র ৪০ কোটি ডলারের।গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তুরস্কের অর্থ প্রতিমন্ত্রী মেহমেত আয়দিনের সঙ্গে সাক্ষাত্কালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তাগিদ দেন। এ জন্য তিনি উভয় দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। দুই দেশের মন্ত্রীরা বাণিজ্য সম্প্রসারণে বেসরকারি খাতকে সহায়তা দেওয়ার বিষয়েও একমত হন। খবর ইউএনবিরবৈঠকে অর্থমন্ত্রী বাংলাদেশ থেকে ওষুধ ও সিরামিক পণ্য বাংলাদেশ থেকে তুরস্কে আমদানি করার অনুরোধ জানান।এ ছাড়া ঢাকা-ইস্তাম্বুল সরাসরি বিমান যোগাযোগ স্থাপন এবং ব্যাংক লেনদেন সহজ করার বিষয়েও আলোচনা করা হয়।এদিকে সকালে সফররত তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুলের উপস্থিতিতে এক প্রাতরাশ বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কমোডিটি এক্সচেঞ্জেস অব টার্কির (টিওবিবি) মধ্যে এক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক এবং টিওবিবি সভাপতি এম রিফাত হিসারসিকলিও গুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান পরস্পরের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক তথ্য বিনিময় করবে। তারা প্রযুক্তি স্থানান্তর, বিদেশি বিনিয়োগ ও যৌথ উদ্যোগে শিল্প স্থাপনের বিষয়েও মতবিনিময় ও পরামর্শ করবে।এ ছাড়া এই চুক্তির আওতায় বাংলাদেশ-তুরস্ক বিজনেস কাউন্সিল গঠন, বাণিজ্য মেলা আয়োজন ও বাণিজ্য প্রতিনিধি বিনিময় করবে।এফবিসিসিআইয়ের সংকলিত পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০১-০২ অর্থবছরে তুরস্কে মাত্র আড়াই কোটি ডলারের পণ্যসামগ্রী রপ্তানির বিপরীতে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে ৮২ লাখ ডলারের পণ্য। ফলে বাংলাদেশের অনুকূলে বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় এক কোটি ৭৭ লাখ ডলার।আট বছর পর বাংলাদেশ থেকে রপ্তানি বেড়ে হয়েছে ৩৩ কোটি ১৬ লাখ ডলার। বিপরীতে আমদানি বেড়ে হয়েছে সাত কোটি ৭৫ লাখ ডলার। ফলে বাংলাদেশের অনুকূলে বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৫ কোটি ৪১ লাখ ডলার।আর চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ তুরস্কে আট কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে আমদানি করেছে এক কোটি ৭৮ লাখ ডলার। ফলে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ছয় কোটি ২৪ লাখ ডলার।