তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল ঢাকার একটি হোটেলে তুরস্কের রপ্তানিকারকদের জোট (টিআইএম) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য দেন l ছবি: এফবিসিসিআইয়ের সৌজন্যে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল ঢাকার একটি হোটেলে তুরস্কের রপ্তানিকারকদের জোট (টিআইএম) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য দেন l ছবি: এফবিসিসিআইয়ের সৌজন্যে

বাণিজ্য বাড়াতে তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শিগগিরই হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক ব্যবসায় সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এ কারণে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়া যাচ্ছে না। উচ্চ শুল্কহারের কারণে ওই দেশে বাংলাদেশি পণ্য আশানুরূপ পরিমাণে রপ্তানি হচ্ছে না। মুক্ত বাণিজ্য চুক্তি হলে তুরস্কে বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় অনেক বাড়বে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

দুই দেশের মধ্যে ব্যবসায় সম্মেলনটি অনুষ্ঠিত হয় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে। তুরস্কের রপ্তানিকারকদের জোট (টিআইএম) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির তাগিদ দেন। তিনি বলেন, তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে পারেন। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে দুই দেশই লাভবান হবে। দুই দেশের এফটিএ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে তুরস্কের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। উল্লেখ্য, মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিতে শুল্ক লাগে না।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম বৈঠক হয়েছে। দ্বিতীয় বৈঠক খুব দ্রুত হবে। তিনি বলেন, তুরস্ক ভৌগোলিকভাবে বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ তুরস্কের এই সুবিধা নিতে পারে। তুরস্কের অর্থনীতি সফল। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও সাম্প্রতিক ঘটনায় ব্যবসা ও দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়েনি।

তুরস্কের নির্মাণ খাতের অনেক সুনাম আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তাঁর দেশ ভূমিকা রাখতে পারে।

এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে বিদেশি বিনিয়োগ দরকার। তুরস্ক আবাসন খাতে বিখ্যাত। তারা এ দেশের অবকাঠামো ও আবাসন খাতে বিনিয়োগ করতে পারে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার এখনই সময়। এটি হলে বাণিজ্য সম্প্রসারিত হবে।

তুরস্কের সফররত বাণিজ্য প্রতিনিধিদলের নেতা ও টিআইএমের কাউন্সিল সদস্য বাসারান বেরাক বলেন, তাঁদের লক্ষ্য শুধু তুরস্কের রপ্তানি বাড়ানো নয়, তাঁরা চান উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাক। তিনি বলেন, বাংলাদেশ তুরস্ক থেকে তুলা, যন্ত্রপাতি, প্লাস্টিক, রাবারের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। বাংলাদেশ থেকে তুরস্ক তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সিরামিক, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য নিচ্ছে। অনেক দিন ধরে দুই দেশের মধ্যে এফটিএ নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, এটা দ্রুত হতে হবে। এতে উভয় দেশ উপকৃত হবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই জানায়, গত অর্থবছরে বাংলাদেশ তুরস্কে ৬৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। আমদানি করেছে ২১ কোটি ২৩ লাখ ডলারের পণ্য। অনুষ্ঠানে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে টিআইএম ও এফবিসিসিআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনটির সহসভাপতি শেখ ফজলে ফাহিম এবং টিআইএমের পক্ষে সংগঠনটির কাউন্সিল সদস্য বাসারান বেরাক এতে সই করেন।