তুলা নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির চিন্তা
তুলা আমদানির বিষয়ে ভারতের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারে বাংলাদেশ। আগামী মে মাসের মধ্যে এ চুক্তির একটি খসড়া তৈরি করবে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত উভয় দেশের যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।জেটিসির বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে ভারত সম্মত হয়েছে বলে জানান বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন।বাণিজ্যসচিব গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘ভারতের সঙ্গে বর্তমানে তুলা আমদানির ব্যাপারে কোনো দীর্ঘমেয়াদি চুক্তি নেই। আমরা চাই একটি দীর্ঘমেয়াদি চুক্তি। জেটিসির বৈঠকে তা উপস্থাপন করেছি। তারাও মেনে নিয়েছে এবং বলেছে, আমরা যাতে একটি প্রস্তাব পাঠাই।’বাণিজ্যসচিব মনে করেন, ভারত যদি কোনো কারণে তুলা রপ্তানি বন্ধও করে দেয়, দীর্ঘমেয়াদি চুক্তি হলে তাতে চলমান তুলা আমদানি-রপ্তানিতে তার কোনো প্রভাব পড়বে না। আর তা হলে বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করেন গোলাম হোসেন।উল্লেখ্য, গত ৫ মার্চ ভারত তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ভারত থেকে বাংলাদেশে তুলা আমদানিতে জটিলতা দেখা দেয়। নতুন ঋণপত্র (এলসি) খোলা বন্ধের পাশাপাশি তুলা আমদানির জন্য ইতিমধ্যে যেসব এলসি খোলা হয়, আটকে যায় সেগুলোও।সূত্র জানায়, এলসিকৃত যেসব তুলা বাংলাদেশে রপ্তানির জন্য সীমান্তে এসে পড়ে, সেগুলোও ঢুকতে অসুবিধা তৈরি হয়। ফলে বাংলাদেশের আমদানিকারক এবং তুলাভিত্তিক শিল্প-কলকারখানায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জেটিসির বৈঠকে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। এর বাইরেও ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে একই বিষয়ে আলাদা বৈঠক করেন গোলাম হোসেন। জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে তিনটি প্রস্তাব করা হয় ভারতকে। এগুলো হচ্ছে—তুলা রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের আগে যে পরিমাণ তুলা আমদানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা এলসি খুলেছেন, তা রপ্তানির অনুমোদন দেওয়া এবং তুলা রপ্তানির ব্যাপারে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তি করা। বাণিজ্যসচিব জানান, তিন প্রস্তাবেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত। তারা বলেছে, তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞাটি সাময়িক ব্যবস্থা। তুলা আমদানির জন্য আগে করা এলসিতে যাতে কোনো ঝামেলা না হয়, সেটিও ইতিবাচকভাবে দেখা হবে। আর, দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদে চুক্তির প্রস্তাবটিও তারা গ্রহণ করেছে। ভারত তুলা রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করলেও নতুন করে রপ্তানির অনুমতি দেয়নি। ফলে যারা নিষেধাজ্ঞার আগে আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারাই আপাতত তা আনতে পারবেন।জানা যায়, নিষেধাজ্ঞার আগে প্রায় এক লাখ চার হাজার বেল তুলা আমদানির জন্য ১০টি বস্ত্রশিল্প ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে চুক্তি করেছে। এ ছাড়া নিবন্ধিত তুলার মধ্যে ৯৩ হাজার বেল তুলা রপ্তানির জন্য এলসি করা হয়েছে।দেশের বস্ত্র খাতের চাহিদার ৩৫ থেকে ৪০ শতাংশ তুলাই আসে ভারত থেকে। উজবেকিস্তান থেকে আসে আরও ২৫ শতাংশ তুলা।প্রসঙ্গত, গত ১২ মার্চ জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া তথ্যানুযায়ী, দেশের বস্ত্রকলগুলোর জন্য তুলার বার্ষিক চাহিদা ৪০ থেকে ৪২ লাখ বেল। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশে তুলা উৎপাদিত হয়েছে এক লাখ চার হাজার বেল। আর দেশে বর্তমানে তুলার চাষ উপযোগী জমির পরিমাণ প্রায় আড়াই লাখ হেক্টর।তুলা আমদানি আটকে যাওয়ায় দেশের সুতা ও বস্ত্র কারখানাগুলো বিপাকে পড়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, বাংলাদেশের ৭০০ কোটি ডলার মূল্যের সুতার বাজার দখলের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।অন্যদিকে চীন বিপুল পরিমাণে তুলা কিনে মজুদ করছে বলে ভারত সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। এটাকে রপ্তানি বন্ধের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে।