তুলা রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকার গতকাল সোমবার অনেকটা আকস্মিকভাবে দেশটি থেকে কাঁচা তুলা রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের বৈদেশিক বাণিজ্যের মহাপরিচালকের দপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড-ডিজিএফটি) গতকাল সকালে এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। এই নির্দেশনায় আরও বলা হয়েছে, ইতিমধ্যে যেসব তুলা রপ্তানির জন্য নিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।এর ফলে রপ্তানির জন্য ইতিমধ্যে নিবন্ধিত এক কোটি ২০ লাখ বেল তুলাও রপ্তানিকারকেরা আর বিদেশে পাঠাতে পারবেন না। এই নিষেধাজ্ঞার ফলে দেশটির তুলা উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সবাই বিস্মিত হয়েছেন। এর আগে গত সপ্তাহে এক বৈঠকে দেশটির বস্ত্রশিল্পের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যাপক আকারে তুলা রপ্তানিতে তাদের কোনো সমস্যা নেই।চলতি মৌসুমে তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তিন কোটি ৫৫ লাখ বেল, যেখানে গত মৌসুমে মোট উৎপাদন ছিল তিন কোটি ২৫ লাখ বেল।তুলা রপ্তানিতে এমন সময়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যখন তুলার বাজারদর বেশ নিম্ন পর্যায়ে রয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, এর ফলে তুলার দাম আরও পড়ে যাবে। কেননা, ‘অনেক বেশি পরিমাণ তুলা এখন অল্প পরিমাণ চাহিদার পেছনে ছুটবে।’ সূত্র: বিজনেস লাইন।