বাংলাদেশে প্রতিবছর ১৫ লাখ বেল তুলা রপ্তানিতে বাংলাদেশ সরকারের পূর্ণ নিশ্চয়তা চায় ভারত। সে জন্যই সম্পাদন করতে চায় পূর্ণাঙ্গ ক্রয়-বিক্রয় চুক্তি। তবে বাংলাদেশের ব্যবসায়ীরা তুলা আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চুক্তিতে কোনো ধরনের বাধ্যবাধকতার পক্ষে নয়।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠক সূত্রে এ কথা জানা গেছে। বিটিএমএ সহসভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে বছরে ১৫ লাখ বেল তুলা রপ্তানির জন্য ভারতের প্রস্তাব নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানা গেছে। আলোচনায় ব্যবসায়ী বিশেষত বিটিএমএর সদস্যরা এই মত দেন ভারতীয় প্রস্তাবটি নিতান্তই সে দেশের অনুকূলে। এতে যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ কম। বৈঠকে ভারতীয় প্রস্তাবে কিছুটা শিথিলতা আনার ব্যাপারে মত এসেছে। যেমন: ‘১৫ লাখ বেল’-এর পরিবর্তে ‘১২ লাখ ২০ হাজার থেকে ১৫ লাখ বেল’ করার কথা বলা হয়েছে। এ ছাড়া ভারতীয় প্রস্তাবে ছিল এই আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে কাজ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা টিসিবির পরিবর্তে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের ওপর এই দায়িত্ব দেওয়ার পক্ষে। তুলার সরবরাহে অনিশ্চয়তা কাটানোর জন্য বাংলাদেশি আমদানিকারক ও ব্যবসায়ীরা গত নভেম্বরে প্রতিবেশী ভারতের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে সমঝোতায় আসার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান।এরপর বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হয়। তাতে করে ভারত বছরে ১৫ লাখ বেল তুলা রপ্তানিতে নীতিগতভাবে সম্মত হয়। গত ডিসেম্বরে ভারতীয় বাণিজ্যসচিব এস আর রাও ঢাকায় সচিবালয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সঙ্গে বৈঠক করে তুলা রপ্তানিতে সম্মতি দিয়ে প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়ে যান।ভারতের শর্তের মধ্যে কী কী আছে জানতে চাইলে বিটিএমএর একজন সদস্য জানান, মূল শর্ত দুটি। প্রথমত, বছরে বাধ্যতামূলক ১৫ লাখ বেল তুলা কিনতেই হবে। দ্বিতীয়ত, যেকোনো সময় তারা রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।যোগাযোগ করা হলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, ‘অন্য ১০ জনের কাছ থেকে আমরা যেভাবে তুলা আমদানি করি, ভারত থেকেও সেভাবেই আমদানি করতে চাই। তবে ভারত যে প্রস্তাবটি পাঠিয়েছে, তা তৈরি করা হয়েছে তাদের স্বার্থের দিকটি ষোল আনা বিবেচনায় রেখে। বাংলাদেশের দিকটিও একটু বিবেচনায় দেখা উচিত।’জানা গেছে, বৈঠকের সুপারিশগুলো নিয়ে কয়েক দিনের মধ্যে ভারতীয় তুলা আমদানি বিষয়ে বিটিএমএর পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। সেই প্রস্তাব বিবেচনায় রেখে বাণিজ্য মন্ত্রণালয় যাতে একটি চূড়ান্ত প্রস্তাব ভারতে পাঠাতে পারে।