তুলা রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস পর অবশেষে ভারত নিজ দেশ থেকে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। খবর বিজনেস লাইনের।ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, তুলা রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন ভারত থেকে আবার তুলা রপ্তানির জন্য নিবন্ধন দেওয়া হবে। তবে তুলা রপ্তানির জন্য কোনো কোটা নির্ধারণ করা হবে না। তুলা রপ্তানির সিদ্ধান্ত দেওয়া না-দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, কৃষিমন্ত্রী শারদ পাওয়ার এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী গতকাল সোমবার বৈঠক করেন। ওই বৈঠকেই ভারত থেকে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দ শর্মা আরও বলেন, এই সিদ্ধান্ত ‘স্থায়ী সিদ্ধান্ত’ নয়। প্রতি দুই সপ্তাহ পরপর এটি পুনর্বিবেচনা করা হবে। কৃষি মন্ত্রণালয় ও তুলাবিষয়ক পরামর্শক পর্ষদ তুলা উৎপাদনের বর্ধিত প্রাক্কলন প্রকাশের পর সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে গত ৫ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার কাঁচা তুলা রপ্তানি নিষিদ্ধ করে।