তুলা রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলা রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভারত সরকার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এ বিষয়ে গত শুক্রবার অনুষ্ঠিত ভারতের সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠক ব্যর্থ হয়েছে। তবে সিদ্ধান্ত হয়েছে, ৪ মার্চ পর্যন্ত রপ্তানির জন্য নিবন্ধিত তুলা আমদানিকারকেরা নিতে পারবেন।বিষয়টি নিশ্চিত করে ভারতের বস্ত্রসচিব কিরণ ধিনর্গা বলেছেন, কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই আবার বৈঠক হবে। খবর বিজনেস লাইনের।এর আগে ৫ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার কাঁচা তুলা রপ্তানি নিষিদ্ধ করে। দেশটির বৈদেশিক বাণিজ্যের মহাপরিচালকের দপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড-ডিজিএফটি) এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। এ সিদ্ধান্তের পর বিভিন্ন মহল বিস্ময় প্রকাশ ও সমালোচনা করে। খোদ কৃষিমন্ত্রী শারদ পাওয়ার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ‘পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ভারত। কিন্তু তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এটি বলবৎ থাকলে স্থানীয় বাজারে তুলার দাম পড়ে যাবে।’ ফলে আগামী মৌসুমে তুলা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর পরই বিষয়টি পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং আহ্বান জানান। এ নিয়ে শুক্রবার অর্থ, কৃষি ও বাণিজ্যমন্ত্রী বৈঠক করেন। কিন্তু তাঁরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে এ বৈঠকের পর ডিজিএফটি থেকে এক নির্দেশনায় জানানো হয়, ৪ মার্চ পর্যন্ত রপ্তানির জন্য নিবন্ধিত তুলা নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। অর্থাৎ নিবন্ধিত ও বন্দরের ছাড়পত্র পাওয়া তুলা আনতে পারবেন আমদানিকারকেরা। ওই দিন পর্যন্ত প্রায় এক কোটি দুই লাখ বেল তুলা রপ্তানির জন্য নিবন্ধিত হয়।বৈঠকে ভারতের বস্ত্রমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত আমাদের প্রত্যাশিত ৮৪ লাখ বেলের বিপরীতে ৯১ লাখ বেল তুলা রপ্তানি করা হয়। আর এবার মধ্য মার্চেই এর পরিমাণ গিয়ে এক কোটি বেল হতো। এতে আগামী মৌসুমে ৩৩ লাখ বেল তুলা মজুদ রাখা কষ্টকর হয়ে যেত। তাই দেশীয় চাহিদা মেটাতে ও মজুদ ধরে রাখতেই তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।এদিকে বিশ্বে তুলার সবেচেয়ে বড় ক্রেতা চীন ভারতের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দেশটি ইতিমধ্যে আমদানির জন্য প্রতিশ্রুত তুলা ছাড় করতে ভারত সরকারকে লিখিতভাবে দিয়েছে। একই সঙ্গে তারা ভারতকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধও জানিয়েছে।বিশ্লেষকেরা অবশ্য এও বলছেন, চীন সামপ্রতিক সময়ে আগ্রাসীভাবে ভারতসহ বিশ্ব বাজার থেকে তুলনা কিনতে থাকায় বিষয়টি ভারতের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে এ বিষয়টিও কাজ করেছে। বাংলাদেশও ভারতীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।